দশম জাতীয় সংসদের ১২তম অধিবেশন সমাপ্ত
দশম জাতীয় সংসদের ১২তম অধিবেশন আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এর আগে আজ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন। স্পিকার এ অধিবেশনে সরকার ও বিরোধী দল–নির্বিশেষে সবাই কার্যকর ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।
স্পিকার সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা, চিফ হুইপসহ হুইপগণ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সব সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্য, মিডিয়ার কর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
দশম জাতীয় সংসদের ১২তম অধিবেশন ২৫ সেপ্টেম্বর শুরু হয়। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে উত্থাপিত আটটি বিলের মধ্যে ছয়টি বিল পাস হয়। আইনপ্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ৩১৮টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১৮টি গৃহীত নোটিশের মধ্যে ছয়টি আলোচিত হয়। এ ছাড়া ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ১০৪টি।
তা ছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ১৫৬টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ২৮টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ২ হাজার ৪০০টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৬৬৮টি প্রশ্নের জবাব দেন।
এ অধিবেশনে নারী-পুরুষের সমতা এবং নারী ক্ষমতায়নের জন্য জাতিসংঘ থেকে প্রধানমন্ত্রীকে প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন অ্যান্ড এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড প্রদানে তাঁকে ধন্যবাদ জানিয়ে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।
এ অধিবেশনে জাতির জনকের হত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধীদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক শিরোনামে সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করা হয়।
সমাপনী ভাষণের পর স্পিকার দশম জাতীয় সংসদের ১২তম অধিবেশন সমাপ্তি–সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।