দশম বাংলাদেশ গণিত ক্যাম্পের সমাপনী
দশম বাংলাদেশ গণিত ক্যাম্প শেষ হয়েছে গত বৃহস্পতিবার সকালে। দ্বাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড থেকে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির বাছাই করা সেরা ৪০ শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হয় এই ক্যাম্পের। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই গণিত ক্যাম্প আয়োজন করে। ঢাকার আদাবরের পদক্ষেপ ইনস্টিটিউট অব
ডেভেলপমেন্ট অব ম্যানেজমেন্টের ডরমিটরিতে ১২ মার্চ শুরু হয় এই আবাসিক ক্যাম্প।
সনদ বিতরণ ও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, ‘ক্যাম্প থেকে এবার যারা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য নির্বাচিত হবে, তারা বিগত বছরের সাফল্যকে ধরে রেখে বিশ্বের সামনে দেশকে আরও ভালোভাবে উপস্থাপন করবে।’ এ সময় তিনি তাঁর ক্যাম্প জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন। উপস্থিত ছিলেন গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামান, ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের গণিত বিভাগের শিক্ষক রাজিয়া বেগম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোচ মাহাবুব মজুমদার, সাধারণ সম্পাদক মুনির হাসান, একাডেমিক কাউন্সিলর তামিম শাহিরয়ার ও সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া প্রমুখ।
ক্যাম্পে শিক্ষার্থীদের গণিতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আলোচনা করা হয় বিগত বছরগুলোতে আইএমওর প্রশ্নপত্র নিয়েও। এ ছাড়া ছিল চারটি ভিন্ন ধরনের পরীক্ষা। গাণিতিক মেধা ও যোগ্যতা যাচাইয়ের আয়োজনেও অংশ নেয় শিক্ষার্থীরা। এই ক্যাম্পের ফলাফলের ভিত্তিতে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ৫৫তম আইএমওর জন্য বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হবে।
সাত দিনের এই পুরো ক্যাম্পটি পরিচালনা করেন মাহাবুব মজুমদার। তাঁকে সহযোগিতা করেন একাডেমিক সমন্বয়ক তুষার চক্রবর্তী।