ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই বখাটের উত্ত্যক্ত করা ও এসিড নিক্ষেপের হুমকিতে শাহবাজপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় গতকাল রোববার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে দুই বখাটের বিরুদ্ধে সরাইল থানায় লিখিত অভিযোগ করেছেন।জানা যায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তিন ঘরিয়াপাড়া গ্রামের ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে শাহবাজপুর হাসপাতালপাড়ার মো. হুমায়ুন মিয়ার ছেলে খোকন মিয়া (২০) ও পোস্ট অফিসপাড়ার মৃত এলাই মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (২১) কয়েক মাস ধরে উত্ত্যক্ত করে আসছে। সম্প্রতি ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি বখাটেদের অভিভাবকদের জানানো হয়। এতে দুই বখাটে আরও ক্ষিপ্ত হয়। তারা স্কুলছাত্রীকে এসিড নিক্ষেপের হুমকি দেয়।শাহবাপুর বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বিল্লাল মিয়া ও মো. নজরুল ইসলাম খান জানান, দুই বখাটের বিরুদ্ধে অতীতেও ছাত্রী হয়রানির অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বলেন, দুই বখাটের উৎপাতে স্কুলছাত্রীরা আতঙ্কিত। স্কুলছাত্রীর বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়েছে।