দশম সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে এখনই মতৈক্য দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি। কারণ, দশম সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সে বিষয়ে এখনই মতৈক্য দরকার।বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত এক সেমিনারে বক্তারা এই অভিমত দিয়েছেন। গতকাল শুক্রবার থেকে সোসাইটির মিলনায়তনে ‘চার দশকে বাংলাদেশ: অর্জন ও প্রতিবন্ধকতা’ শীর্ষক দুই দিনের এ সেমিনার শুরু হয়েছে। এশিয়াটিক সোসাইটির সহসভাপতি হারুন-অর-রশিদ সেমিনারে দেশের গত চার দশকের রাজনৈতিক চালচিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত অনেক রাজনৈতিক দল যে ভূমিকা পালন করেছে, সেটা মোটেও গণতান্ত্রিক ছিল না।’ তিনি আরও বলেন, ‘ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো হয়তো এখনই নিষিদ্ধ করা যাবে না, কিন্তু যুদ্ধাপরাধের দল হিসেবে জামায়াত নিষিদ্ধ হতে পারে।’ সংসদের গত চার দশকের অবস্থা নিয়ে প্রবন্ধে বাংলা একাডেমীর উপপরিচালক জালাল ফিরোজ বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে বিরোধী দলকে চায় না। রাজনীতিতে ধর্মের উত্থান, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে প্রবন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোয়ার কবির ধর্মভিত্তিক দলগুলোর বিষয়ে ‘ভেবেচিন্তে ও পরিণতি বুঝে’ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। জনপ্রশাসনের চার দশক তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মোহাব্বত খান। তিনি তাঁর প্রবন্ধে বলেন, আমলাতন্ত্রের সংস্কারে যেন কারও আগ্রহ নেই।সকালে অধিবেশনে অংশ নেওয়া সব আলোচকই প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান। দুপুরে অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সামাজিক পরিবর্তন, উচ্চশিক্ষা, জনসংখ্যা ও দুর্যোগ বিষয়ে পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেলাল ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্বপন আদনান, সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক মালেকা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনিরুল ইসলাম খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাফিজ সিদ্দিকী, এ কে এম নূরুন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা নাসরিন।এর আগে সকালে সেমিনারের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক এ এফ এম সালাউদ্দীন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির সভাপতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।