দশম সংসদ বসছে ২৯ জানুয়ারি
দশম জাতীয় সংসদ বসতে যাচ্ছে আগামী ২৯ জানুয়ারি। ওই দিন সন্ধ্যা ছয়টায় সংসদের প্রথম অধিবেশন বসবে।
গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের ক্ষমতা বলে দশম সংসদের এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
নবম জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের শেষ কার্যদিবস বসেছিল গত ২০ নভেম্বর। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ হবে প্রথম বৈঠক থেকে পরবর্তী পাঁচ বছর। এই হিসাবে নবম সংসদের মেয়াদ শেষ হবে ২৪ জানুয়ারি। কারণ নবম সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি।
২৯ জানুয়ারি যে সংসদের যাত্রা শুরু হচ্ছে, এতে প্রধান বিরোধী দলের আসনে বসছে জাতীয় পার্টি। বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ। সংসদীয় রেওয়াজ ভেঙে এই প্রথম সরকারের মন্ত্রিসভাতেও প্রধান বিরোধী দল অংশীদার হলো। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত। যে কারণে দশম সংসদে কার্যত কোনো বিরোধী দল থাকছে না। নবম সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস হয়।