দশম সংসদের জন্য আলোচনা সম্ভব নয়: রফিক-উল হক

জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক বলেছেন, এখন দশম সংসদের জন্য আলোচনা সম্ভব নয়। পরের নির্বাচন কীভাবে হবে, সে বিষয়ে আলোচনা হতে পারে। আজ শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা সিটিতে একটি বেসরকারি টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি রাজি হলে পরের নির্বাচন নিয়ে কথা হতে পারে। আমার মনে হয়, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সেটা রাখবেন।’
রফিক-উল হক বলেন, নির্বাচন হতে হবে আইনত ২৪ জানুয়ারি মধ্যে। কিন্তু নির্বাচন একেবারে পেছানো যাবে না, সেটাও ঠিক না। যেহেতু এখনো সংসদ রয়েছে, সেহেতু সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যেও নির্বাচন করা যাবে।
নির্বাচন নিয়ে টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল ‘রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতা না হওয়ার দায় কার’। সংসদীয় ধারার এই বিতর্কে অংশ নেয় দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ও ইবাইস।
অনুষ্ঠানে রফিক-উল হক আরও বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। দেশের কথা ভেবেই সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
পুরোনো প্রজন্মকে এখন সরে যাওয়া উচিত মন্তব্য করে এই আইনজীবী বলেন, রাজনীতিতে এখন তারেক রহমান রয়েছেন, জয় এসেছেন, তাঁদেরই উচিত রাজনীতির হাল ধরা।
দুই দিন আগেও জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রবীণ এই আইনজীবী বলেছিলেন, বিএনপি গণতন্ত্র রক্ষার জন্য ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ডাক দিয়েছে। কিন্তু তাদের মনে রাখতে হবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই ২৯ ডিসেম্বর তাদের প্রধান দাবি হতে হবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা। ওই দিন সরকারের উদ্দেশে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিন। যদি আপনারা দেশের জন্য কাজ করেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেও আওয়ামী লীগ জয়ী হবে।