১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন নিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় এ উত্তেজনা সংঘর্ষে রূপ নিতে পারে বলে স্থানীয় নেতা-কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন। কিছুদিন আগে দশমিনা উপজেলা আওয়ামী লীগের একাংশ ‘ঢাকার দশমিনা-গলাচিপা আওয়ামী ঐক্য ফোরামের’ ব্যানারে শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা দেয়। একই সঙ্গে তারা তাদের অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা ও পটুয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনকে অতিথি করার কথাও জানিয়েছে। বর্তমান সাংসদ গোলাম মাওলার অনুসারী উপজেলা আওয়ামী লীগের অপর অংশ এসব কর্মসূচি প্রতিহত এবং সাবেক সাংসদকে অতিথি করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এসব কর্মসূচির প্রতিবাদে গত শনিবার সাংসদ গোলাম মাওলার সমর্থকেরা উপজেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে দলীয় কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের করে। এতে দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, মহিলা লীগের সভানেত্রী সুরাইয়া সেলিম, পিয়ারা বেগম প্রমুখ বক্তব্য দেন। পরে তারা উপজেলা শহরের সড়কে আ খ ম জাহাঙ্গীরের কুশপুত্তলিকা দাহ করে। বক্তারা সাবেক ওই সাংসদকে দশমিনায় অবাঞ্ছিত ঘোষণা করেন।আওয়ামী লীগের নেতা ইকবাল মাহমুদ জানান, জাতীয় শোক দিবস পালনকে কেন্দ্র করে তথাকথিত ঢাকার একটি সংগঠন ব্যানার, পোস্টার ও প্রচারপত্র বিতরণ করছে। এ সংগঠন অতিথি করেছে আ খ ম জাহাঙ্গীর হোসাইনকে, যা স্থানীয় আওয়ামী লীগ মেনে নিতে পারছে না। ঝাড়ু মিছিল ও আ খ ম জাহাঙ্গীরের কুশপুত্তলিকা দাহ করার ঘটনার প্রতিবাদে শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের অপর অংশ (ঢাকার দশমিনা-গলাচিপা আওয়ামী ঐক্য ফোরাম) পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে ওই সংগঠনের আহ্বায়ক ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউনুচ মিয়া লিখিত অভিযোগে বলেন, মুজিব প্রেমিক সব মানুষের, সব সংগঠনের জাতীয় শোক দিবস পালনের অধিকার রয়েছে। দিবসটি পালনে তাঁরা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। এতে সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন অতিথি হয়ে উপস্থিত হওয়ার সম্মতি জানিয়েছেন। তাঁদের এ কর্মসূচি বানচাল করতে সাংসদ গোলাম মাওলার সমর্থক ইকবাল মাহমুদের নির্দেশে সন্ত্রাসীরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ছবিসংবলিত ব্যানার নামিয়ে ছিঁড়ে ফেলেছে। এ ঘটনার প্রতিবাদ করায় সাংসদ গোলাম মাওলার সমর্থকেরা ৫ আগস্ট উপজেলার আরজবেগি বাজারে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালেককে লাঞ্ছিত ও তাঁর ছোট ভাই মো. জামাল হোসেনসহ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে মারধর করে। শনিবার দুপুরে ভাড়া করা লোকজন এনে তাঁদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। সংবাদ সম্মেলনে দশমিনায় শান্তিপূর্ণভাবে জাতীয় শোক দিবস পালন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। এতে আওয়ামী লীগের নেতা আবদুল খালেক, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী বাদশা ফয়সাল, উপজেলা ছাত্রলীগের তথ্য সম্পাদক রিয়াজ উদ্দিন ও দশমিনা শোক দিবস উদ্যাপন কমিটির সদস্যসচিব মো. নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।সাংসদ গোলাম মাওলার সমর্থক আওয়ামী লীগের নেতা ইকবাল মাহমুদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ব্যানার ছিঁড়ে ফেলা এবং আওয়ামী লীগের নেতা আবদুল খালেক ও ছাত্রলীগের নেত-কর্মীদের লাঞ্ছিত ও মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন।