দশমিনা আ.লীগের দুই পক্ষের পৃথক শোক দিবস পালন
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষ গতকাল সোমবার পৃথকভাবে জাতীয় শোক দিবস পালন করেছে। সংঘর্ষের আশঙ্কায় উপজেলা শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের একাংশ ‘ঢাকাস্থ দশমিনা-গলাচিপা আওয়ামী ঐক্য ফোরাম’-এর ব্যানারে শোক দিবসের সভায় সাবেক সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনকে অতিথি করেছিল। এতে বর্তমান সাংসদ গোলাম মাওলার অনুসারী উপজেলা আওয়ামী লীগের অপর অংশ ক্ষুব্ধ হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকে উপজেলা শহরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম ফকির ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।ঢাকার দশমিনা-গলাচিপা আওয়ামী ঐক্য ফোরাম ও দশমিনা নাগরিক কল্যাণ কমিটির উদ্যোগে উপজেলার নলখোলা বন্দরসংলগ্ন উত্তর লক্ষ্মীপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়। এতে সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা আ খ ম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।উপজেলা আওয়ামী লীগের অপর অংশ সকাল সাড়ে ১০টায় দশমিনা ইউনিয়ন পরিষদের সামনে সভা করে। এতে সাংসদ গোলাম মাওলা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী কালাম প্রমুখ বক্তব্য দেন।দুই পক্ষের মধ্যে চলা বিরোধ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোয় ‘দশমিনা আ.লীগে শোক দিবস পালন নিয়ে উত্তেজনা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।