দশমিনা উপজেলা আ.লীগের সাংগঠনিক কার্যক্রম স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদের পক্ষ ও বিপক্ষের দ্বন্দ্বের কারণে পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকে এই উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ডিসেম্বরে দশমিনা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে হাবিবুর রহমান ঢালীকে সভাপতি এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। এরপর আর কোনো সম্মেলন হয়নি। উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিরও সম্মেলন হয়নি। জেলা আওয়ামী লীগ সাত মাস আগে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার তাগিদ দিয়ে চিঠি দিলেও সম্মেলনের আয়োজন করা হয়নি।২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দলীয় মনোনয়ন পান গোলাম মাওলা। দশমিনা ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সদস্য না হলেও দলীয় মনোনয়ন নিয়ে নেতা-কর্মীদের প্রচেষ্টায় বিপুল ভোটে জয়ী হন তিনি। কিন্তু নির্বাচনের কিছুদিন পর থেকেই সাংসদের সঙ্গে দলের একটি অংশের নেতা-কর্মীদের মতানৈক্য দেখা দেয় এবং দূরত্ব বাড়তে থাকে।এদিকে স্থানীয় রাজনৈতিক কোন্দলের কারণে উপজেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান ঢালী দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর ২০১০ সালের ৩ নভেম্বর মারা যান। এ ছাড়া ওই কমিটির আরও দুজন সদস্য ইতিমধ্যে মারা গেছেন। বর্তমানে কমিটির সিনিয়র সহসভাপতি কাজী আবুল কালাম সভাপতির (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছেন। এদিকে অলিখিত প্রতিনিধি হিসেবে সাংসদের পক্ষে কাজ করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ।উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল খালেক জানান, ইকবাল মাহমুদ তাঁর ইচ্ছামতো দল চালাচ্ছেন। আবদুল আজিজ বলেন, দশমিনায় রাজনীতি করার কোনো পরিবেশ নেই। বর্তমানে দল চালান সাংসদ। তাই সম্মেলন আয়োজনের বিষয়ে সাংসদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁর অনুমতি পেলেই সম্মেলনের আয়োজন করা হবে।ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবুল কালাম সম্মেলন করার জন্য জেলা আওয়ামী লীগের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখানকার আওয়ামী লীগ সম্পূর্ণ সাংসদনির্ভর। তাঁর পক্ষে তাঁর একজন অলিখিত প্রতিনিধি দলসহ সব কার্যক্রম পরিচালনা করে থাকেন। এ ক্ষেত্রে ইচ্ছা থাকলেও কিছু করা যাচ্ছে না। তবে সংগঠনকে চাঙা ও গতিশীল করতে সম্মেলন করা প্রয়োজন।’ ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের বর্তমান কমিটিই অবৈধ। এই কমিটির অনুমোদন নেই। তবে সাংগঠনিক কার্যক্রম নেই, এ কথাটি সঠিক নয়। সাধারণ সম্পাদক আবদুল আজিজ উপজেলা চেয়ারম্যান হয়েছেন। তিনি ঢাকায় তাঁর ব্যবসা নিয়েই অধিকাংশ সময় ব্যস্ত থাকেন। ভারপ্রাপ্ত সভাপতি তেমন একটা সময় দিতে পারেন না। এ অবস্থায় দলের তৃণমূল পর্যায়সহ সর্বস্তরের নেতা-কর্মীরা আমার কাছে আসেন। সবাইকে নিয়েই আমাকে দলের কার্যক্রম পরিচালনা করতে হয়।’ এই উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে চলছে বলে তিনি দাবি করেন। সাংসদ গোলাম মাওলা বলেন, সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন দলের সভাপতি-সম্পাদকসহ কমিটির নেতারা।