দশমিনা ও নড়াইলে দুজনকে হত্যা
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আবু তালেব (৪৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে বেতাগীসানকিপুর ইউনিয়নের বড় গোপালদি এলাকার একটি বিল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ছাড়া গত বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলায় মামুন গাজী (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
দশমিনা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় ব্যক্তিরা গোপালদি এলাকার একটি বিলে গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য জেলার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গতকাল বিকেলে থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন বলেন, লাশের প্যান্টের পকেটে বাসের টিকিট দেখে পুলিশ নিশ্চিত হয়, শুক্রবার ঢাকা থেকে আবু তালেব সড়কপথে দশমিনায় আসেন। এরপর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে। আবু তালেবের বড় ভাই রবিউল ইসলাম পুলিশকে জানান, আবু তালেব আদম ব্যবসার সঙ্গে জড়িত। এই ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে তাঁকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আবু তালেবের বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কালিয়া উপজেলার পাটকেলবাড়ি গ্রামের একটি বেগুনখেত থেকে মামুন গাজীর লাশ উদ্ধার করা হয়। মামুন বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের কবির গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাটকেলবাড়িতে তাঁর মামাবাড়িতে বসবাস করছিলেন। গত ৬ জানুয়ারি তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, দুর্বৃত্তরা মামুনকে হত্যা করেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।