দশমিনায় আ.লীগ নেতা ইকবালকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির গত ২৮ মার্চের সভায় ইকবাল মাহমুদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তা অনুমোদনের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়, গত ১৯ মার্চ প্রধানমন্ত্রীর পটুয়াখালীতে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের নির্দেশে ১৪ মার্চ দশমিনা উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক পর্যালোচনা ও পরবর্তী করণীয় সম্পর্কে এক সভা আহ্বান করা হয়। ওই সভায় খান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করায় ইকবাল চিৎকার ও অশ্লীল ভাষায় গালাগাল শুরু করেন। একপর্যায়ে ইকবাল সভার সঞ্চালক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়কে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।এ ঘটনায় পরদিন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ইকবালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২০ মার্চ নোটিশের জবাব দেন। কিন্তু তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় ২৮ মার্চের সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।