দশমিনায় উৎসবমুখর পরিবেশে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে যখন ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, জাল ভোট দেওয়ার ও হামলা চালানোর অভিযোগ রয়েছে, তখন পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের নির্বাচন ছিল ব্যতিক্রম। গতকাল সোমবার নির্বাচনকে কেন্দ্র করে এই উপজেলায় ছিল উৎসবের আমেজ। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, ভোট দেওয়ার পাশাপাশি স্থানীয় লোকজন নিজেদের মধ্যে কুশল বিনিময় ও কোলাকুলি করছেন।
সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন নিয়ে চলছে বিতর্ক। নারীরা তাঁদের ছোট ছোট সন্তান নিয়ে ভোট দিতে এসেছেন। এসেছেন বয়স্করাও। ভোটকেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পে যেন ‘বাজার’ বসেছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
সকাল নয়টায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নারীদের দীর্ঘ সারি দেখা যায়। ওই কেন্দ্রের ভোটার জাহানারা বেগম বলেন, ভোট নিয়ে কোনো দিনই এখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তাই এখানে ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
সকাল পৌনে ১০টায় কাটাখালী এলাকার পূর্ব দশমিনা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী-পুরুষের দীর্ঘ সারি। কে কার আগে ভোট দিতে যাবেন এ নিয়ে চলছে হুড়োহুড়ি। তাই তাঁদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. শাহ আলম, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মো. কাওসার আলম রহিম, অপর বিদ্রোহী প্রার্থী জাহিদ হাসান মুকুল; আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবু বকর ছিদ্দিক, বিদ্রোহী প্রার্থী মো. শাখাওয়াত হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. আনিছুর রহমান।
ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সমসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলম বলেন, উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। এই কারণে ফলাফল যা হবে তা তিনি মেনে নেবেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাখাওয়াত হোসেন ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবু বকর ছিদ্দিক জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন।