দশমিনায় খুন হওয়া নারীর পরিচয় মিলেছে, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় খুন হওয়া নারীর পরিচয় মিলেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দশমিনা থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত—তা জানান।এ সূত্র ধরেই পুলিশ ওই নারীর পরিচয় পেয়েছে। তাঁর নাম শারমিন আক্তার। তিনি আগৈলঝাড়ার জবসেন গ্রামের ওমর আলী পাইকের দ্বিতীয় স্ত্রী ও গোপালগঞ্জের কোটালীপাড়ার বান্দাবাড়ি গ্রামের মোস্তফা ফকিরের মেয়ে। তিনি ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন: দশমিনার বড় গোপালদি গ্রামের খলিল প্যাদা, তাঁর শ্যালক পূর্ব আলীপুর গ্রামের আবদুল আলীম কাজী, শারমিনের সতিন নাজমা বেগম ও দেবর পিয়ার আলী।দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান দাবি করেন, জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যার আরেক পরিকল্পনাকারী নিহত শারমিনের স্বামী ওমর আলীকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।আসামিরা জানান, দীর্ঘ ছয় বছর প্রেম করার পর ওমর আলী শারমিনকে গত নভেম্বরে বিয়ে করেন। তখন তিনি প্রথম বিয়ের কথা গোপন রাখেন। এ ঘটনা জানাজানি হওয়ায় ওমর আলীর সঙ্গে প্রথম স্ত্রী নাজমার বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে শারমিনকে তাঁরা হত্যার পরিকল্পনা করেন। এ জন্য তাঁরা ২০ হাজার টাকার চুক্তিতে খলিল প্যাদাকে ভাড়া করেন। ১০ জানুয়ারি সন্ধ্যায় শারমিনকে ঢাকা থেকে আগৈলঝাড়ায় নিয়ে আসার জন্য লঞ্চে উঠানো হয়। এ সময় খলিল প্যাদা তাঁর সঙ্গে ছিলেন। পরদিন বরিশাল নেমে আগৈলঝাড়ার কথা বলে তাঁকে পটুয়াখালী শহরে নিয়ে আসা হয়। রাতেই তাঁকে দশমিনার বড় গোপালদি গ্রামের নির্জন বিলের মধ্যে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন লাশের পাশে পাওয়া একটি ভিজিটিং কার্ডে লেখা মুঠোফোনের নম্বরে ফোন করে পুলিশ শারমিনের কর্মস্থল পোশাক কারখানার সন্ধান পায়। একই সূত্র ধরে আলীম কাজীকে গ্রেপ্তার করা হয়।