দশমিনায় দলীয় সাংসদের দাপটে অসহায় আ.লীগ!
‘আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের এখন নাজুক অবস্থা। স্থানীয় দলীয় সাংসদ গোলাম মাওলা ওরফে রনি সমর্থিত সন্ত্রাসীরা দশমিনাবাসীকে জিম্মি করে রেখেছে। তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই হামলা-মামলাসহ নানা নির্যাতন নেমে আসে। কেন্দ্রীয় নেতাদের এসব বিষয় জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা এখন অসহায়।’কথাগুলো বলছিলেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ঢালী। জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী আমীর হোসেন দশমিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদ নির্বাচনের পরই রনির সমর্থন নিয়ে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, রাহাজানি চালিয়ে যাচ্ছে। এসবের প্রতিবাদ করলেই হামলা ও নির্যাতনের শিকার হতে হয়।আমীর হোসেন জানান, এর আগে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান হারুন-অর-রশিদ, সহসভাপতি ও পৌর মেয়র হাজি আবদুল ওহাব খলিফা এবং জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাশিনাথ দত্ত রনির সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছেন। তিনি বলেন, ‘সাংসদের কাছে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্য নেই। তাঁর দরকার সন্ত্রাসী ক্যাডার বাহিনী। এই বাহিনীর অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষও আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে।দশমিনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আইনজীবী সমিতির সভাপতি সিকদার গোলাম মোস্তফা বলেন, সংসদ নির্বাচনে রনিকে তাঁরা বিপুল ভোটে নির্বাচিত করেছেন। কিন্তু নির্বাচনের পর তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে তিনি কোনো যোগাযোগ রাখেন না। তাঁর যোগাযোগ সন্ত্রাসী বাহিনীর সঙ্গে।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা গত ২৬ এপ্রিল উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেন শওকত ও তাঁর বন্ধু হেমায়েত হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। শওকত অভিযোগ করেন, উপজেলা পরিষদ নির্বাচনে রনির সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে তিনি বিজয়ী হন। এ নিয়ে বিরোধের জের ধরে রনির সমর্থকেরা হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর তিনবার হামলা চালিয়েছে। এই হামলাও করেছে রনির সমর্থক সন্ত্রাসীরা।এর আগে ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষানী সভার সভানেত্রী শামসুন্নাহার খান দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের একত্র হয়ে প্রতিবাদ ও প্রতিরোধের আহ্বান জানান। এতে ক্ষিপ্ত হয়ে সাংসদ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। শামসুন্নাহার খান বলেন, ‘জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। কিন্তু আমরা জনগণের নিরাপত্তা দিতে পারছি না। কারণ আজকে আমাদের নিজেদের জীবনই সন্ত্রাসীদের হাতে জিম্মি।’ দশমিনা উপজেলা নাগরিক কমিটি গত ৩০ এপ্রিল পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সাংসদ সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন আবদুল মান্নান, মো. আবদুল খালেক, গৌতম রায়, সামসুন্নাহার, আবদুল মোতালেব মৃধা ও তমিজ উদ্দিন।সাংসদ গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীদের সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না। সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমি ঘৃণা করি।’ শওকতের ওপর হামলার ঘটনা তাদের পারিবাবিক বিরোধ নিয়ে বলে দাবি করেন তিনি।