দশমিনায় ধান কাটা নিয়ে সংঘর্ষ নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলার গোলখালী গ্রামে বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে গত শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রুহুল আমিন (৩৫) নামের আহত এক ব্যক্তি গতকাল রোববার ভোরে মারা গেছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামে দুই একর জমি নিয়ে রুহুল আমিন ও মো. হানিফের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চলতি আমন মৌসুমে ওই জমিতে রুহুল আমিন ধান চাষ করেন। হানিফ শনিবার সকালে ওই জমির ধান কাটতে গেলে রুহুল আমিন বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে রুহুল আমিন ও জোহরা খাতুন (৫৫) নামের দুজনকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ওই দিনই রুহুল আমিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল ভোরে তিনি মারা যান।এদিকে ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুই দিনে মো. হানিফ, মাহতাব ও মো. হাসেম (৫০) নামের তিনজনকে গ্রেপ্তার করেছে।দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় নিহত রুহুল আমিনের ভাই মো. নুরু দফাদার বাদী হয়ে মো. হানিফসহ ১১ জনকে আসামি করে দশমিনা থানায় মামলা দায়ের করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।