দশমিনায় নলকূপ দিয়ে গ্যাস উদ্গিরণ
পটুয়াখালীর দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আবদুল আলী মৃধার বাড়ির একটি গভীর নলকূপের পাইপের মুখ দিয়ে গ্যাস বেরুচ্ছে। ওই গ্যাস দিয়ে তাঁর পরিবারের লোকজন কিছুদিন ধরে রান্নাবান্না করছেন। আবদুল আলী মৃধা জানান, কিছুদিন আগে বাড়িতে গভীর নলকূপ স্থাপনের জন্য প্রায় ৬০০ ফুট খনন করার একপর্যায়ে পাইপ আটকে যায়। এ অবস্থায় শ্রমিকেরা সেখানে নলকূপ স্থাপনের কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়। কয়েক দিন পর থেকে পাইপের মুখ দিয়ে বুদবুদ উঠতে দেখে সন্দেহ হলে দেশলাই কাঠি জ্বালালে আগুন ধরে ওঠে। পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে আবদুল আলী মৃধার বাড়িতে সমবেত হচ্ছে। সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কৌতূহলী লোকজন পাইপের মুখে আগুন দিয়ে গ্যাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হচ্ছে। পাইপের মুখে রান্নায় ব্যবহূত গ্যাসের চুলার বার্নার লাগানো হয়েছে। ওই বাড়ির রাহিমা বেগম (৪৫) জানান, তাঁরা মাঝেমধ্যে ওই গ্যাসে রান্নার কাজও চালিয়ে যাচ্ছেন। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজমল হোসেন জানান, তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।