দশমিনায় নারী ভাইস চেয়ারম্যানের সমর্থকদের ওপর হামলা, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলার নারী ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার খানের সমর্থকদের ওপর হামলা হয়েছে। এতে সাংবাদিকসহ অর্ধশত ব্যক্তি আহত হন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদের সমর্থকেরা এ হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আওয়ামী লীগের নেতা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে হামলার প্রতিবাদে সামসুন্নাহার ও তাঁর ভাইকে গ্রেপ্তারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আগামী রোববার দশমিনা উপজেলা শহরে অর্ধদিবস হরতাল পালন করা হবে। জানা যায়, দশমিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার ২৬ জুলাই উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভায় আওয়ামী লীগের নেতা ইকবালের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দেন। এতে ক্ষুব্ধ হয়ে ইকবাল মাহমুদ তাঁকে সভায় লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে ও ইকবালকে গ্রেপ্তারের দাবিতে দশমিনা উপজেলা শহরে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেন সামসুন্নাহার। এদিকে একই দিনে একই সময়ে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আহ্বান করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন দাঙ্গা পুলিশ দশমিনা উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। সকাল সাড়ে আটটায় বিভিন্ন চরাঞ্চল থেকে সামসুন্নাহারের সমর্থকেরা আট থেকে ১০টি ট্রলারে করে দশমিনায় আসতে শুরু করেন। অন্যদিকে, ইকবালের সমর্থকেরা জড়ো হতে থাকেন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সকাল ১০টার দিকে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে নদীর পাড়ে বেশ কয়েকটি স্থানে সশস্ত্র অবস্থান নেন। ইকবালের সমর্থকেরা আবদুর রশিদ তালুকদার কলেজঘাট, হাজীরহাট, আরজবেগি, লক্ষ্মীপুর, রণগোপালদি ও নলখোলা এলাকায় সামসুন্নাহারের সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় অনেকেই প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে নলখোলা এলাকায় সামসুন্নাহার সমাবেশের উদ্যোগ নিলে সেখানেও হামলা চালানো হয়। ইকবালের সমর্থকেরা মাইক বহনকারী দুটি রিকশা ভেঙে ফেলেন। রক্তাক্ত করেন সামসুন্নাহারের ভাই লিয়ার হোসেন খানকে (৫৫)। তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর একটা পর্যন্ত এই হামলার ঘটনা ঘটে। আহত হয়েছেন মতলেব মৃধা, ব্যাবল, সেতারা বেগম, হেলাল গাজী, রাশিদা বেগম, মলি বিবি, রীনা বেগম, জাহানারা বেগম, জুলেখা, রাহিমা বেগমসহ অন্তত ৫০ জন। তাঁরা আহতাবস্থায় ট্রলারে করে চলে যান। হামলার ছবি তোলার সময় সন্ত্রাসীরা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির পটুয়াখালী প্রতিনিধি মনিরুল ইসলাম আহত হন। কলেজঘাট এলাকায় ট্রলারে সন্ত্রাসীদের হামলার সময় চর বোরহানের মোসলেম আকনের নয় বছরের ছেলে সোহাগ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। সোহাগের মা ফাহিমা বেগম জানান, তাঁদের ট্রলারটি ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা দা-বগিদা, লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং ট্রলার ভাঙচুর করে। সন্ত্রাসীরা ট্রলারের লোকজনকে পিটিয়ে নদীতে ফেলে দেয়। এ সময় সোহাগ নিখোঁজ হয়। গতকাল রাত নয়টা পর্যন্ত সোহাগকে পাওয়া যায়নি বলে তিনি জানান।ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার খান প্রথম আলোকে বলেন, ‘আগে থেকে আমার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইকবাল মাহমুদের বিচার চেয়ে কর্মসূচি ঘোষণা করায় তা পণ্ড করতে পাল্টা কর্মসূচি দিয়ে আমার লোকজনের ওপর প্রকাশ্যে হামলা চালানো হলো।’ তিনি এই হামলার বিচার দাবি করেন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন পুলিশ এখানে কাজ করেছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, মূলত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এদিকে, আওয়ামী লীগের নেতা ইকবাল মাহমুদ দাবি করেন, তাঁরা কোনো মিছিলে হামলা করেননি। উল্টো তাঁদের শান্তিপূর্ণ মিছিল বানচাল করতে ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার ও তাঁর ভাই লিয়ার হোসেন খান লোকজন নিয়ে হামলা চালান। এতে তাঁদের দুজন সমর্থক গুরুতর আহত হন। গতকাল দুপুর আড়াইটায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয় বলে তিনি জানান।