দশমিনায় পিটিয়ে প্রতিবন্ধীর হাত ভাঙার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় চুরির অপবাদ দিয়ে পিটিয়ে প্রতিবন্ধী এক যুবকের হাত ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে কয়েকজন এ নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার ওই প্রতিবন্ধী যুবকের নাম মিলন (৩০)। তিনি দশমিনা উপজেলার উত্তর রণগোপালদীর নওশাদ খোন্দকারের ছেলে। মিলনকে আশঙ্কাজনক অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মিলন ঘরের বাইরে যান। ওই সময় আওয়ামী লীগের নেতা কাশেম গাজীর দোকানের সামনে গেলে চুরির অভিযোগে মিলনকে আটক করে তাঁরা বেদম মারধর করেন। এতে মিলনের বাঁ হাত ভেঙে যায়। কাশেম গাজী নিজেকে উত্তর রণগোপালদি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য দাবি করে বলেন, ‘আমার দোকানে এর আগেও চারবার চুরি হয়েছে। ঘটনার সময় মিলনকে দোকানে পেয়ে আটক করে মেরেছি।’উত্তর রণগোপালদি ইউপির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন জানান, মিলন বাক ও মানসিক প্রতিবন্ধী। দশমিনা থানার ওসি হাবিবুর রহমান জানান, এ খবর পেয়ে তাঁরা হাসপাতালে মিলনের চিকিত্সার ব্যবস্থা করেছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তাই কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।