দশমিনায় বাড়ি গুঁড়িয়ে দিয়ে জমি দখল করলেন আ.লীগ নেতা!
পটুয়াখালীর দশমিনা পৌর এলাকায় গত রোববার গভীর রাতে একটি বাড়ি গুঁড়িয়ে দিয়ে জমি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা। বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সেনাসদস্য ইব্রাহিম হোসেনের স্ত্রী নাজমিন আক্তার তাঁদের বাড়ি দখলের জন্য দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দশমিনা ইউপির চেয়ারম্যান ইকবাল মাহমুদকে দায়ী করেছেন।নাজমিন আক্তার জানান, পৌর এলাকার কোর্ট ভবনের কাছে সোয়া ৮ শতাংশ জমি কিনে প্রায় ২৫ বছর ধরে তাঁরা সেখানে বসবাস করে আসছেন। ১৯৯৮ সালে সেখানে প্রায় সোয়া ৪ শতাংশ জমির ওপর একটি আধা পাকা দোতলা বাড়ি নির্মাণ করেন। তাঁর স্বামী সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর বর্তমানে ঢাকায় কাজ করছেন। বাড়িতে তিনি একমাত্র মেয়ে সাবাকে নিয়ে থাকতেন। তিনি আরও জানান, যাঁদের কাছ থেকে তাঁরা ওই জমি কিনেছিলেন তাঁদের অংশীদার শাহজাহান ভূঁইয়া ও তাঁর শরিকেরা বাড়িটি তাঁদের দাবি করলে এ নিয়ে গত বছর আদালতে মামলা হয়। বর্তমানে ওই জমিতে আদালতের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা রয়েছে। তিনি অভিযোগ করেন, ইকবাল মাহমুদ তাঁর কাছে বাড়িটি বিক্রি করার জন্য তিনি নিজে এবং সন্ত্রাসীদের দিয়ে তাঁদের চাপ প্রয়োগসহ ভয়-ভীতি দেখাতেন। নাজমিন আক্তার জানান, শনিবার রাত নয়টার দিকে ২৫-৩০ জন সন্ত্রাসী তাঁদের বাড়িতে জোরপূর্বক ঢুকে পড়ে। সন্ত্রাসীরা তাদের হত্যার হুমকি দেয় এবং রাত ১১টার দিকে তাঁকে মেয়েসহ বাড়ি থেকে বের করে দেয়। এরপর সন্ত্রাসীরা বাড়ির চারপাশের টিনের বেড়া ভেঙে ফেলে। তিনি পুলিশকে ঘটনাটি জানান। তাঁরা ভয়ে দশমিনা থেকে পালিয়ে পার্শ্ববর্তী বাউফল উপজেলায় আত্মগোপন করেছেন।পরের দিন রোববার দিবাগত রাত একটার দিকে সন্ত্রাসীরা বেশ কিছু শ্রমিক দিয়ে বাড়ির আসবাব লুটপাট করায় এবং আধা পাকা দোতলা বাড়িটি ভেঙে ফেলে। ওই রাতেই বাড়ির ইটগুলো যন্ত্র দিয়ে ভেঙে খোয়া করা হয়। সন্ত্রাসীরা রাতেই শ্রমিক দিয়ে বাড়ির দুই পাশে দেয়াল নির্মাণ করে। তিনি অভিযোগ করেন, বাড়ির জমি নিয়ে মামলা চলাকালীন সময়ে ইকবাল মাহমুদ সরকারি দলের প্রভার খাটিয়ে সন্ত্রাসীদের নিয়ে তাঁদের বাড়িটি ভেঙেচুরে জমি দখল করে নিয়েছেন। বাড়ির মালিক ইব্রাহিম হাওলাদার গতকাল মঙ্গলবার জানান, এ ঘটনায় তিনি আদালতে মামলা করবেন।এ ব্যাপারে জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, ‘আমার বিরুদ্ধে এসব অভিযোগ ঠিক নয়। ওই জমি নিয়ে নাজমিনদের সঙ্গে শাহজাহান ভূঁইয়াদের মামলা রয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।’ দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক আলী হাওলাদার বলেন, নাজমিন আক্তার এ ব্যাপারে বোরবার প্রথমে মৌখিকভাবে অভিযোগ করলেও পরে নিজেরাই বিষয়টি মীমাংসা করবেন বলে জানিয়েছেন। তিনি জানান, সোমবার তিনি পটুয়াখালী এসেছেন। এর আগের রাতে বাড়িটি দখল হয়েছে কি না, তা তিনি জানেন না। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক মোজাম্মেল হক বলেন, ‘দখলের খবর পাইনি। আর এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি।’