দশমিনায় বায়োগ্যাস বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম খড়কুটাভিত্তিক বায়োগ্যাস-বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এশিয়ার সবচেয়ে বড় বীজ বর্ধন খামার পটুয়াখালীর দশমিনা উপজেলার চর বাঁশবাড়িয়ায় শিগগির এ প্রকল্পের উদ্বোধন করা হবে। চীনের একটি প্রতিষ্ঠানের সর্বাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

প্রতিকূলতা–সহিষ্ণু বীজ ও দক্ষিণ উপকূল এলাকার জন্য উপযোগী অন্যান্য শস্যবীজ উৎপাদন করে কৃষকের হাতে তুলে দেওয়ার জন্য চর ব্রাহ্মণবাড়িয়ায় দেশের বীজ বর্ধন খামার করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ মার্চ বাঁশবাড়িয়ার তিনটি চরের ১ হাজার ৪৪ একর জমির ওপর এ খামারের উদ্বোধন করেন। পরবর্তী সময়ে বিচ্ছিন্ন এই দ্বীপচরের খামারের উৎপাদিত বীজ প্রাথমিক প্রক্রিয়াজাতকরণ, গুদাম, ভবন, ডরমিটরি, লেবার শেড, যন্ত্রপাতি মেরামতের ওয়ার্কশপসহ বিভিন্ন কাজে বিদ্যুতের প্রয়োজনীয়তায় বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নেওয়া হয়। খামারের ভেতরেই ৪০ হাজার ৮০৪ বর্গফুট জমির ওপর এই প্রকল্পে ৫০০ ঘনমিটার বায়োগ্যাস উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. তাসির হিসমী প্রথম আলোকে বলেন, চীনের বসিমা কোম্পানির সর্বাধুনিক প্রযুক্তিতে দেশে এই প্রথম খড়কুটা দিয়ে বিদ্যুৎ উৎপাদিত হবে।