দশমিনায় ভাইয়া বাহিনীর তাণ্ডব চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদি এলাকার অনেক ব্যবসায়ী ভাইয়া বাহিনীর সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাটে নিঃস্ব হয়েছেন। এরপর সন্ত্রাসীরা উল্টো মামলা দিয়েছে তাঁদের নামে। এ অবস্থায় হামলা ও গ্রেপ্তারের ভয়ে নির্যাতিতরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল শনিবার পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রণগোপালদি এলাকার কয়েকজন ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সন্ত্রাসী হামলার শিকার এলাকার নির্মল দেবনাথ বলেন, রণগোপালদি বাজারে হিন্দু সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। এলাকায় সফল ব্যবসায়ী ও সম্পদশালী হওয়ায় বেশ কিছুদিন ধরে ভাইয়া বাহিনীর লোকজন তাঁদেরসহ এলাকার প্রতিষ্ঠিত কয়েকজন ব্যবসায়ীর কাছে দোকানপ্রতি এক লাখ টাকা করে চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় গত মঙ্গলবার রাতে ভাইয়া বাহিনীর ক্যাডার আলাউদ্দিন হাওলাদারের নেতৃত্বে এক দল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাঁরসহ ডিগেন দেবনাথ, অরুণ দেবনাথ, জয়দেব দেবনাথ, হেমায়েত হাওলাদার, নাসির হাওলাদার, শফিক হাওলাদার, সৈয়দ মৃধা, আল-আমিন খলিফা, গনি ডাক্তারের দোকানপাট ভাঙচুর ও মালামাল লুট করে। সন্ত্রাসীরা জয়দেব দেবনাথ ও তাঁর বৃদ্ধা মা রেণু বালাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে বেদম প্রহার করে। রাতভর সন্ত্রাসীরা তাণ্ডব চালায়। এ অবস্থায় জীবনের নিরাপত্তার কথা ভেবে তাঁরা অন্যত্র পালিয়ে যান। পরদিন সন্ত্রাসীরা তাণ্ডব চালায় রণগোপালদি এলাকায়। সন্ধ্যা সাতটার দিকে রণগোপালদি বাজারসংলগ্ন গুলিরপুল এলাকায় সুমন হাওলাদারের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পরে সন্ত্রাসীরা চরঘুনি স্লুইস বাজারে জালাল খলিফা ও জাফর সর্দারের ঘরে ভাঙচুর চালায় ও লুট করে। এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। উল্টো ভাইয়া বাহিনীর সমর্থিতদের দিয়ে তাঁদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, স্থানীয় সাংসদ গোলাম মাওলার সমর্থিত হওয়ায় ভাইয়া বাহিনী এলাকায় দাপটের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মামলার কারণে গ্রেপ্তারের ভয়ে তাঁরা এলাকায় যেতে পারছেন না। সন্ত্রাসী হামলার শিকার হয়ে পালিয়ে আসা মানুষেরা এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।এ প্রসঙ্গে আলাউদ্দিন হাওলাদার মুঠোফোনে সব অভিযোগ অস্বীকার করেন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মামলা নেওয়া হয়নি, এ অভিযোগ সঠিক নয়। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।