দশমিনায় সন্ত্রাসী হামলায় ভাইস চেয়ারম্যান আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ হামলায় শাখাওয়াত ও তাঁর বন্ধু হেমায়েত হোসেন গুরুতর জখম হন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাতেই পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটলে গতকাল মঙ্গলবার হেমায়েতকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।উপজেলা পরিষদ নির্বাচনের জের ধরে স্থানীয় সাংসদ গোলাম মাওলার সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন শাখাওয়াত। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আহত শাখাওয়াতের ভাই আকতারুজ্জামান ১৪ জনের নাম উল্লেখ করে ও সাত-আটজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে সোমবার রাতে এবং গতকাল সকালে উপজেলা শহরে শাখাওয়াতের সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন।চিকিৎসাধীন শাখাওয়াত জানান, উপজেলা নির্বাচনে সাংসদ মাওলা-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এ নিয়ে সাংসদ-সমর্থকদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল এবং এর আগেও তাঁর ওপর তিনবার হামলা হয়।