দশমিনায় হরতাল ডেকেছে আ.লীগ-যুবলীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনায় উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের একটি পক্ষ কাল রোববার দশমিনা শহরে অর্ধদিবস হরতাল ডেকেছে। গত বৃহস্পতিবার তাঁদের মিছিলে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।তবে সংগঠন দুটির শীর্ষ নেতারা এ ব্যাপারে কিছু জানেন না দাবি করে বলেছেন, হরতালের দায়দায়িত্ব তাঁরা নেবেন না। বৃহস্পতিবার বেলা আড়াইটায় দশমিনায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেক, আইনবিষয়ক সম্পাদক মো. সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।ইকবাল মাহমুদ মুঠোফোনে জানান, বৃহস্পতিবার তাঁদের শান্তিপূর্ণ মিছিলে দশমিনা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ডলি ও তাঁর ভাই লিয়ার হোসেন খান লোকজন নিয়ে হামলা চালায়। এই হামলার প্রতিবাদে এবং তাঁদের শাস্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের ব্যানারে রোববার দশমিনা উপজেলা শহরে অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ঢালী বলেন, ‘আমরা হরতালের বিরুদ্ধে, আমরা কেন হরতাল ডাকব। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই হরতাল ডাকা হয়নি। এর দায়দায়িত্বও আমরা নেব না।’ তিনি আরও বলেন, ইকবাল মাহমুদ নিজের স্বার্থ ও উদ্দেশ্য হাসিলের জন্য এই হরতাল ডেকেছেন। উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নামে আহূত এই হরতাল সম্পর্কে তিনি কিছু জানেন না এবং এর দায়দায়িত্ব যুবলীগ নেবে না।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন জানান, এই হরতালের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। ২৬ জুলাই দশমিনা উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় উপজেলার উন্নয়নকাজের বিভিন্ন অনিয়ম তুলে ধরে পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ডলি তা তদন্তে কমিটি গঠনের প্রস্তাব দিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে ও ইকবাল মাহমুদকে গ্রেপ্তারের দাবিতে ডলির সমর্থকেরা বৃহস্পতিবার দশমিনায় প্রতিবাদ সমাবেশ ডাকেন।ডলি জানান, ইকবাল মাহমুদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তাঁর ওপর হামলা হয়েছে। এর বিচার চেয়ে কর্মসূচি ঘোষণা করায় তা পণ্ড করার জন্য পাল্টা কর্মসূচি দিয়ে বৃহস্পতিবার তাঁর সমর্থকদের ওপর হামলা চালানো হলো। এই সন্ত্রাসী হামলার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তাঁর বিরুদ্ধে অপপ্রচারসহ নানা ষড়যন্ত্র চলছে। তবে ইকবাল মাহমুদ দাবি করেন, তাঁরা ডলির সমর্থকদের ওপর হামলার সঙ্গে জড়িত নন।