দশে দশ নয়, তবু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালের ঢাকার আঞ্চলিক উৎসেব প্রশ্ন করছে এক শিক্ষার্থী
২০১৩ সালের ঢাকার আঞ্চলিক উৎসেব প্রশ্ন করছে এক শিক্ষার্থী

ভাষা শেখানো নয়, উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাতৃভাষার প্রতি আগ্রহী করে তোলা। এই লক্ষ্য ও অভিপ্রায় নিয়ে ভাষা প্রতিযোগ শুরু হয়েছিল ২০০৫ সালে। উদ্যোক্তা প্রথম আলো ও এইচএসবিসি। এ দুই প্রতিষ্ঠানের নামাঙ্কিত এই আয়োজনের পরিচয় তাই ‘এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ’। এ বছর, ২০১৪ সালে, এ আয়োজনের দশ বছর পূর্ণ হলো। চলতি বছর এই উদ্যোগের সঙ্গে রয়েছে গণসাক্ষরতা অভিযান।
এবার দশম বর্ষে পুরো দেশকে ১২টি অঞ্চলে ভাগ করে ১২ জায়গায় আঞ্চলিক উৎসব সম্পন্ন হয়েছে৷ এতে সারা দেশের ১৪ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে৷ বিজয়ীদের মধ্য থেকে ৭২০ জন আজ জাতীয় উৎসবে অংশ নেবে৷ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলে সকাল নয়টায় জাতীয় উৎসব শুরু হবে৷ সারা দেশ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আসবেন অভিভাবকেরা৷ উৎসবে অতিথি থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান, আবদুল্লাহ আবু সায়ীদ, ফেরদৌসী রহমান, সেলিনা হোসেন, রাশেদা কে চৌধূরী, এইচএসবিসির সিইও এন্ড্রু টিলক্, মঞ্জু আরা বেগম প্রমুখ৷ উপস্থিত থাকবেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা৷ উৎসবে গান গাইবেন চন্দনা মজুমদার ও বাপ্পা মজুমদার৷
‘ভাষা প্রতিযোগ’ নামটি দিয়েছিলেন অধ্যাপক আনিসুজ্জামান৷ শুরু থেকেই এই গুণী শিক্ষাবিদ এ কর্মযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন। ভাষা প্রতিযোগ পর্ষদের আহ্বায়ক তিনি। এ পর্ষদের সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন প্রবীণ-নবীন শিক্ষক। এই শিক্ষকেরা জেলায় জেলায় ছুটে বেড়িয়েছেন ক্লান্তিহীন। সর্বান্তঃকরণে এই আয়োজনের সফলতার জন্য কাজ করে গেছেন। আয়োজনের পরিসর যত বেড়েছে, যুক্ত হয়েছেন আরও অনেক সাহিত্যিক, শিক্ষক ও ভাষাবিদ। আর বিভিন্ন উৎসব-অঞ্চলের সাহিত্যিক ও বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষকেরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এই আয়োজনে।
প্রতিযোগিতা নয়, আমরা করতে চেয়েছি উৎসব। শুরু থেকেই এই আয়োজন যাতে একটা প্রাণহীন প্রতিযোগিতা হয়ে না ওঠে, সেই চেষ্টা করা হয়েছে নিরন্তর। তাই প্রতিটি অঞ্চলে ভাষা প্রতিযোগ হয়ে উঠেছে উৎসবের এক একটা দিন। একটা ছোট পরীক্ষা হয় বটে। সেটাকে আমরা বলি ‘পরীক্ষা পরীক্ষা খেলা’। এ ছাড়া গান, আবৃত্তি, কুইজ—এসব মিলিয়ে মুখরিত থাকে উৎসব প্রাঙ্গণ। এই আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীরা প্রশ্ন করে, মঞ্চ থেকে শিক্ষকেরা তার উত্তর দেন। বেশির ভাগ প্রশ্নই বুদ্ধিদীপ্ত, অনেক প্রশ্ন চমকে দেওয়ার মতো। কিছু কিছু প্রশ্ন শুনে বোঝা যায়, শুধু ভাষা নয়, দেশ, সংস্কৃতি—এসবও ভাবিত করে শিক্ষার্থীদের। এত মানুষের মধ্যে দাঁড়িয়ে সংকোচ আর জড়তা কাটিয়ে বাঘা বাঘা শিক্ষকদের প্রশ্ন করাটা শিক্ষার্থীদের জন্য এক দুর্লভ অভিজ্ঞতা।
উৎসবমঞ্চ থেকে আমরা ভাষা প্রতিযোগের উদ্দেশ্য ব্যাখ্যা করেছি। বলেছি, মাতৃভাষা চর্চার পাশাপাশি অন্য ভাষার চর্চাও গুরুত্বপূর্ণ। বিশেষত আজকের দিনে ইংরেজি ভাষাটা শিখে নেওয়া খুবই দরকার। প্রমিত ভাষাটা আমরা আয়ত্ত করব। তবে আঞ্চলিক ভাষার গুরুত্বও কম নয়। বলেছি, মাতৃভাষাকে ঠিক ঠিক পেতে হলে সে ভাষায় রচিত সাহিত্য পড়তে হবে। আর আমাদের লোকজীবনের যত সাংস্কৃতিক উপাদান, সেগুলো অঞ্জলি পেতে গ্রহণ করতে হবে। তবেই আমরা আমাদের মাতৃভাষার রসে, রহস্যে ও আনন্দে আপ্লুত হব।
ঢাকায় এবং জেলায় জেলায় নানা শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবের আয়োজন হয়েছে। যখন যে প্রতিষ্ঠানে আসর বসেছে, সে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আমাদের সাদরে গ্রহণ করেছে। যেসব অভিভাবক উৎসবস্থলে এসেছেন, তাঁরা হয়তো সব সময় ঠিকমতো বসার জায়গাও পাননি। তাঁরা নিজের সন্তানের ভলোর জন্য কষ্ট িশকার করছেন। তবে আমাদেরও দিয়েছেন অকুণ্ঠ সমর্থন।
শুরুতে এইচএসবিসির যেসব কর্মকর্তা এ আয়োজনের দেখভাল করেছেন এবং এখন যাঁরা করেন, তাঁরা সবাই ভাষা প্রতিযোগ পর্ষদের সব প্রস্তাব প্রায় একবাক্যে সমর্থন করেছেন। ফলে কাজের গতি কখনো বাধা পায়নি।
এই ১০ বছরে প্রতিটি অনুষ্ঠানের বিশাল কর্মভার কাঁধে তুলে নিয়েছেন প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার সদস্যরা। এই অস্থির ও আত্মসর্বস্বতার কালে বন্ধুসভার ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’ তরুণ সদস্যদের দেখলে মন ভরে যায়।
এই ১০ বছরে দেশের দেড় লাখ শিক্ষার্থী এই উৎসবে অংশ নিয়েছে। কেউ কেউ একাধিকবারও এসেছে। সংখ্যাটা গণ্য করার মতোই। প্রথম আলোর সম্পাদক মাঝেমধ্যেই জিজ্ঞেস করেন, কাজের কাজ কী হচ্ছে? এসব ছেলেমেয়ের মাতৃভাষার প্রতি আগ্রহ কি বাড়ছে? ওরা কী বলে? অভিভাবকেরা, শিক্ষকেরা কী বলেন? ‘কাজের কাজ কী হচ্ছে?’ এসব কথার কোনো স্পষ্ট উত্তর আমাদের হাতে নেই। নেই কোনো পরিসংখ্যান। তবে এ কথা নিশ্চয় বলা যায়, শিক্ষার্থীদের চোখেমুখে যে উৎসাহ আমরা দেখি, অভিভাবক-শিক্ষকেরা যে ভাষায় এ আয়োজনকে স্বাগত জানান, অনুপ্রেরণা দেন, তাতে প্রত্যয় হয়, ১০ বছরে ভাষা প্রতিযোগ একটা বিশেষ মাত্রা অর্জন করেছে।
অনেক আগে যে ছেলে বা মেয়ে প্রতিযোগে অংশ নিয়েছিল, তারা হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা কর্মজীবনে ঢুকেছে, দেখা হলে স্বতঃস্ফূর্তভাবে কৃতজ্ঞ মনে তাদের অভিজ্ঞতার কথা বলে। রাজশাহীতে ডাক্তারি পড়ছে তিনটি মেয়ে। ছয় বছর আগে তারা যশোরে ভাষা প্রতিযোগে অংশ নিয়েছিল। সে বছর রাজশাহীতে উৎসবের খবর জেনে ক্লাস ফাঁকি দিয়ে এসেছিল তারা। তাদের একজন মঞ্চে এসে জানাল ভাষা প্রতিযোগে তাদের আনন্দ-অভিজ্ঞতার কথা। এসব দেখেশুনে কোনো পরিসংখ্যান ছাড়াই বলা যায়, ১০ বছরে ভাষা প্রতিযোগ দশে দশ না পেলেও এর অর্জন সামান্য নয়।
ভাষা প্রতিযোগ। আমরা বলি শুধু প্রতিযোগ নয়, মূলত যোগ। মাতৃভাষার এই যোগ-প্রতিযোগের পথচলা আরও দীর্ঘ হোক। চরৈবেতি৷