দশে মিলে রাস্তা সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর বন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার সিলেট-বঙ্গবীর-হাদারপার রাস্তার ব্যাপক ক্ষতি হয়। সাত কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হওয়ায় এটি অনেকটা মরণফাঁদে পরিণত হয়। স্থানীয় লোকজন, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন অনেক আন্দোলন করলেও কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কার করেনি। এবার এলাকাবাসী নিজেদের উদ্যোগে গত সোমবার থেকে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছেন। সংস্কারকাজের তদারকি করছেন এমন কয়েকজন জানান, গোয়াইনঘাট ট্রাক মালিক সমিতি, ট্রাক শ্রমিক সমিতি, ইমা-লেগুনা সমিতি, অটোরিকশা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন। সরকারের উদ্যোগের জন্য অপেক্ষা না করে তাঁরা নিজেরাই রাস্তার কাজ করছেন। গোয়াইনঘাট ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘আন্দোলন-সংগ্রামেও যখন সরকারের টনক নড়ল না, তখন নিজেরাই বাধ্য হয়ে লেগে গেলাম। এখন দেখছি, দশে মিলে কাজ করলে কোনো কাজই কঠিন না।’