দস্তগীর চৌধুরীর দাফন সম্পন্ন
বিএনপির নেতা ও মুক্তিযোদ্ধা দস্তগীর চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ আসর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কদমতলীর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। জানাজায় রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এর আগে গতকাল বেলা তিনটায় দস্তগীর চৌধুরীর মরদেহ চট্টগ্রাম সিটি করপোরেশনের সামনে আনা হয়। মেয়র মোহাম্মদ মন্জুর আলম ফুল দিয়ে তাঁর প্রতি শেষশ্রদ্ধা জানান। এরপর তাঁর মরদেহ নেওয়া হয় নাসিমন ভবনে মহানগর বিএনপির কার্যালয়ে। সেখান থেকে এম এ আজিজ স্টেডিয়াম এবং সবশেষে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে আনা হয়। জানাজায় চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।