দস্যু আতঙ্কে আড়াই লাখ জেলে!
ইলিশ ধরার মৌসুমে বরগুনাসহ দক্ষিণাঞ্চলের প্রায় আড়াই লাখ জেলে বঙ্গোপসাগরে ইলিশ আহরণের প্রস্তুতি সম্পন্ন করলেও তাঁরা জলদস্যু আতঙ্কে রয়েছেন। চলতি বছরের শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর বেশ কিছুদিন এসব বাহিনী নীরব থাকে। এখন তারা আবার সংঘবদ্ধ হচ্ছে—এমন খবরে জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ মৌসুমে বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলে এই বিপুলসংখ্যক জেলের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের মৎস্যনির্ভর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের জেলে শাহ আলম বলেন, ‘হ্যাগো (জলদস্যু) দমন হরতে না পারলে মোগো সাগরে যাইয়্যা কোনো লাভ নাই। কারণ, কষ্ট কইর্যা যে মাচ ধরি, হেইয়্যার প্রায় সবই হ্যাগো দিয়া আওন লাগে। আর মোরা মাইর খাই ফাও।’ জেলেরা জানান, জ্যৈষ্ঠ থেকে আশ্বিন—এই পাঁচ মাস ইলিশের ভরা মৌসুম। তাঁরা এরই মধ্যে দাদন ও ধারদেনা করে জাল-নৌকা মেরামত করে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন। ১২ মে বরগুনা সার্কিট হাউসে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের উপস্থিতিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আলোচনা করেন। সভায় বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর উপস্থিত ছিলেন। তিনি বলেন, সশস্ত্র জলদস্যুদের অব্যাহত লুটপাট, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপকর্মে লাখ লাখ জেলের জীবন বিপন্ন হচ্ছে। তিনি এসব জেলের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জোরালো দাবি জানান। সভায় উপস্থিত র্যাব-৮ বরিশাল অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, সুন্দরবন অঞ্চলে কমপক্ষে ছয়টি দস্যু বাহিনী দীর্ঘদিন ধরে তাণ্ডব চালিয়ে আসছে। সাম্প্রতিককালে র্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানকালে বন্দুকযুদ্ধে পাঁচ জলদস্যু নেতা নিহত হয়। পরে এসব বাহিনীর তৎপরতা কমে আসে। বরগুনা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক বছরে বঙ্গোপসাগর উপকূলে ১৬০টি ট্রলারসহ এক হাজার ৫০০ জেলেকে অপহরণ করা হয়। জেলেদের মুক্ত করে আনতে জনপ্রতি ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত পণ দিতে হয়েছে। এ সময় জলদস্যুদের হাতে পাঁচ জেলে নিহত হন। তবে ট্রলার মালিক সমিতি ও বেসরকারি সূত্রগুলোর দেওয়া তথ্য বলছে, ট্রলার ও জেলে অপহরণের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির নেতারা জানান, গত এক বছরে প্রায় দেড় হাজার ট্রলারে ডাকাতি এবং ৩৮০ ট্রলারের জেলেদের জিম্মি করা হয়। এসব ট্রলারের প্রায় সাড়ে তিন হাজার জেলেকে অপহরণ করা হয়। জলদস্যুদের গুলিতে কমপক্ষে ১৪ জেলে নিহত হয়েছেন। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী পাথরঘাটায় এসে জনসভায় আশ্বাস দিয়েছেন, জীবন দিয়ে হলেও জলদস্যুদের দমন করবেন। তাঁর এই বক্তব্যকে আমরা স্বাগত জানাই। কিন্তু জলদস্যু দমন না হওয়া পর্যন্ত আমরা আশ্বস্ত হতে পারছি না।’পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত এই অবতরণ কেন্দ্রে সাগর থেকে ৪০ লাখ ৮২ হাজার ৫১০ কেজি মাছ আহরিত হয়েছে। আহরিত এই মাছের আর্থিক মূল্য ৯২ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা; যা থেকে সরকার এক কোটি ১৪ লাখ টাকা রাজস্ব পেয়েছে। বরগুনার পুলিশ সুপার মো. মাহবুব হাকিম বলেন, ‘ইলিশ মৌসুমে যাতে জেলেরা নির্বিঘ্নে মাছ ধরতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’