দস্যু-আতঙ্কে জেলেরা বসে আছেন ঘাটে
ইলিশের শেষ মৌসুমে ভোলার মেঘনার সাগর-মোহনায় দস্যুদের উৎপাত বেড়েছে। গত ২০ দিনে এখানে ২৫টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা দস্যুদের কবলে পড়ে। দস্যুরা জেলে ও নৌকা আটকে রেখে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করছে। ভয়ে জেলেরা এখন সেখানে যাচ্ছেন না।লালমোহনের বাত্তিরখাল মৎস্যঘাটের মাছের ব্যবসায়ী ও ট্রলারমালিক ফারুক পিটার জানান, মৌসুমের শুরুর দিকে তেমন ইলিশ ধরা পড়েনি। যে সময় ইলিশ ধরা পড়া শুরু হলো, তখনই এলো ঝড়। শেষ মৌসুমে ইলিশ ধরার জন্য সাগর-মোহনায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন তাঁরা। কিন্তু দস্যুদের উৎপাত বাড়ায় এখন আর সেখানে যাওয়ার উপায় নেই। এখন শেষ সম্বল হারানোর ভয়ে ট্রলারটি ঘাটে বসিয়ে রাখা হয়েছে। মাঝি ও জেলেরা কাজের সন্ধানে চট্টগ্রামে গেছেন।ফারুকের মতো অবস্থা এখন সব ব্যবসায়ীর। তজুমদ্দিন স্লুইসঘাট, চৌমুহনী, দৌলতখান পাতার খাল, কাটির মাথা, গুপ্তবাজার, মনপুরা রাম নেওয়াজ, জনতাবাজার, কাটাখালসহ বিভিন্ন ঘাটে খোঁজ নিয়ে জানা যায়, এসব ঘাটের মাছ ধরার নৌকাগুলো এখন ঘাটে।ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) বশির আহমদ জানান, এখন সাগরের মোহনায় যে দস্যুদল উৎপাত করছে, তারা হাতিয়া, সন্দ্বীপ ও রামগতি এলাকার। ওই এলাকার আইন প্রয়োগকারী সংস্থার লোকজন দস্যু দমনে উদ্যোগ নিচ্ছে না। দস্যুদের দমন করার জন্য উচ্চগতির নৌযান দরকার। সেগুলো পেয়ে গেলে সাগরের মোহনা থেকে দস্যুদের বিতাড়িত করা সম্ভব হবে।গত ২৪ ও ২৫ অক্টোবর ভোলার সর্ববৃহৎ চরফ্যাশন ঢালচর মৎস্যঘাটে গিয়ে দেখা যায়, কয়েক শ মাছ ধরার নৌকা খালের মধ্যে নোঙর করে রাখা হয়েছে। অনেক জেলে ঘাটে বসে জাল সারাইয়ের কাজ করছেন। ঘাটে বসে এ কাজ করছিলেন ইউনুস মাঝি (৫৬)। তিনি বলেন, ‘নদীত মাছ আছে। নামলে খরচা পোষায়, তয় ডাকাইত ধাওয়্যায় (ধাওয়া করে) নিলেই সব শ্যাষ। গোনতো অইব লাখ লাখ টিয়া (টাকা)। হ্যার লাইগ্যাই ঘাডে বইয়্যা রইছি।’উত্তর ঢালচরের মাছের ব্যবসায়ী আবুল কালাম জানান, ১৫ দিনে এ ঘাটের আটটি মাছ ধরার নৌকা দস্যুর কবলে পড়েছে। এর মধ্যে আলাউদ্দিন মেম্বারের আড়তের চারটি। এগুলো কালাম বাহিনীর লোকজন নিয়ে গেছে। একই এলাকার আবু তাহের মাঝি জানান, ডাকাতেরা একসঙ্গে পাঁচটি মাছ ধরার নৌকা আটক করে চারটি নৌকার চারজন মাঝিকে রেখে বাকি একটি নৌকায় সব জেলেকে পাঠিয়ে দেয়। পরে দস্যুরা মুঠোফোনে আটক চার মাঝিকে ছাড়িয়ে নেওয়ার মুক্তিপণ হিসেবে এক থেকে তিন লাখ টাকা দাবি করে। ওই টাকা দিয়েই তাঁদের ছাড়িয়ে আনতে হয়েছে।চরফ্যাশনের ঢালচর হাওলাদার ঘাটের মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবদুস সালাম জানান, কোস্টগার্ড বা নৌবাহিনী নিয়মিত টহল দিলে জেলেরা নিরাপদে মাছ ধরতে পারতেন।