দস্যু মজনু বাহিনীর সদস্য গ্রেপ্তার
পশ্চিম সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর সদস্য মো. মনিরুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার শ্যামনগর উপজেলার কলবাড়ী-নওয়াবেঁকী সংযোগ সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া মনিরুজ্জামান শ্যামনগরের ফুলতলা গ্রামের আক্কাছ সরদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে বনদস্যু মজনুর পক্ষে অপহূত জেলেদের পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করে আসছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।গাবুরা গ্রামের জেলে আবদুস সাত্তার জানান, কয়েক দিন আগে মনিরুজ্জামানকে মুক্তিপণের টাকা দেওয়ার পর শফিকুল নামে এক জেলেকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানানোর পর বুড়িগোয়ালিনী ফাঁড়ির পুলিশ গতকাল দুপুরে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে শ্যামনগর থানায় নিয়ে যায়।শ্যামনগর থানার ওসি হাশেম খান জানান, মনিরুজ্জামানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বনদস্যুদের পক্ষে মুক্তিপণের টাকা আদায়ের কথা স্বীকার করেছে।