দস্যুদের অত্যাচারে অতিষ্ঠ সুন্দরবনের জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বনদস্যুদের উপদ্রব আরও বেড়ে গেছে। তাঁদের অত্যাচার ও নির্যাতনে জেলেদের সুন্দরবনে প্রবেশ দুঃসহ হয়ে উঠেছে। পুরোনো দলগুলোর পাশাপাশি সম্প্রতি একাধিক নতুন বনদস্যু দল আত্মপ্রকাশ করায় জেলেরা আরও অসহায় হয়ে পড়েছেন। সুন্দরবনের জেলেদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের ওলিউর রহমান, বোসখালী গ্রামের রমেশ মণ্ডল ও জয়াখালী গ্রামের আহম্মদ কাগুজী জানান, তাঁরা বন বিভাগের অনুমতি নিয়ে কাঁকড়া শিকার ধরতে সুন্দরবনে যান। ১০ ডিসেম্বর রাতে লতাবেড়ী এলাকায় বড়শি ফেলে কাঁকড়া ধরার সময় পাঁচ সদস্যের একটি দস্যু বাহিনী আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদেরকে ঘিরে ফেলে। তাঁরা নিজেদের কালাম বাহিনীর সদস্য পরিচয় দেয় এবং তাঁদের কাছে গচ্ছিত টাকা, চাল-ডালসহ ১২ ঝুড়ি কাঁকড়া নিয়ে যায়। জেলেরা আরও অভিযোগ করেন, ওই দস্যু দলটি একই এলাকায় আরও ১১টি নৌকা থেকে কাঁকড়া লুট এবং প্রতিটি নৌকা থেকে ৫০০ থেকে দুই হাজার টাকা আদায় করে।উপজেলার গোলাখালী গ্রামের নিরঞ্জন মণ্ডল, আশুতোষ মণ্ডল ও আবদুর রহিম জানান, ৫ ডিসেম্বর সুন্দরবনের হলদেবুনিয়া এলাকায় কাঁকড়া ধারার সময় তাঁদের ১২টি নৌকা সাত সদস্যদের একটি ভারতীয় বনদস্যু দলের কবলে পড়ে। এ সময় তাঁদেরকে মারধর করে প্রত্যেক নৌকা থেকে কাঁকড়া ও ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে ওই এলাকায় মাছ ও কাঁকড়া ধরতে নিষেধ করা হয়। পশ্চিম সুন্দরবনের জেলেরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মতলেব, মান্নান-মজিদ, জয়নাল ওরফে বড় ভাইসহ কয়েকটি বাহিনী অস্তিত্ব এখন আর নেই। কিন্তু রাজু, আমজাদ, জাকির, সেজো ভাই নামের একাধিক বনদস্যু দল এখনো ওই এলাকায় তৎপর রয়েছে। বনদস্যু মান্নানের মৃত্যুর পর তাঁর ভাই মজিদ অন্য সদস্যদের নিয়ে রাজু বাহিনীর দ্বিতীয় প্রধান জাহাঙ্গীরকে নিয়ে নতুন একটি বাহিনী গড়ে তুলেছেন। উপজেলার মথুরাপুর গ্রামের আজিজুল ইসলাম, আবদুল বারেক ও কৈখালী গ্রামের মোসলেম নামের কয়েকজন জেলে জানান, সুন্দরবনে তৎপর ৮-১০টি বড় বনদস্যু বাহিনীর পাশাপাশি আরও ১০-১২টি ছোট ছোট দল জেলেদের সর্বস্ব কেড়ে নিচ্ছে। তারা জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও টোকেন দিয়ে চাঁদা আদায় করছে। সুন্দরবনে যাতায়াত ছেড়ে দেওয়া কালিঞ্চি গ্রামের জেলে ফজলু গাজী, খোকন সরদার ও টেংরাখালীর কালু গাজী অভিযোগ করেন, বনে যাওয়া ছেড়ে দিয়েছেন শুধু বনদস্যুদের অত্যাচারে। সুন্দরবনে বড় বনদস্যুদের পাশাপাশি উপকূলীয় এলাকার অনেকেই এখন জেলে সেজে বনে গিয়ে ডাকাতি করছে। বনদস্যুদের সম্পর্কে তথ্য দেওয়ার পর তাঁরা আর বনে ঢুকতে পারছেন না। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, জনবল-সংকটের পরও বন বিভাগ তাদের টহল অব্যাহত রেখেছে। কিন্তু শুধু বন বিভাগের পক্ষে থেকে দস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, বনে প্রবেশের অনুমতি নিয়ে জেলেরা বনের মধ্যে গিয়ে কী করছে, তা বন বিভাগ বুঝতে পারে না। শ্যামনগর থানার উপপরিদর্শক হজরত আলী জানান, জেলেরা বন দস্যুদের হাতে অপহরণ বা নির্যাতিত হলে সাধারণত পুলিশকে না জানিয়ে নিজেরা মিটমাট করে ফেলেন। ফলে অধিকাংশ ঘটনা তাঁরা জানতে পারেন না। সুন্দরবনের বনদস্যুদের তৎপরতা রুখতে যৌথ অভিযানের প্রক্রিয়া চলছে।