পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বনদস্যুদের অত্যাচার আর চাঁদাবাজির কারণে অসহায় হয়ে পড়েছেন বনজীবীরা। অত্যাচারের কারণে ইতিমধ্যে অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবও বনজীবীদের পেশা পরিবর্তনের অন্যতম কারণ বলে জানা গেছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের আবদুল মজিদ (৬২) পাঁচ দশক ধরে সুন্দরবনে কাজ করছেন। তিনি জানান, চলতি বছর মধু আহরণের মৌসুমে বনে প্রবেশের অনুমতি পেতে বন বিভাগকে সরকারি রাজস্ব দিতে হয়েছে সাড়ে আট হাজার টাকা। কিন্তু বনদস্যুদের দিতে হয়েছে এক লাখ ১৭ হাজার টাকা।
মজিদ জানান, বনে মধু এবার কম। তাই অনুমতিপত্র নেওয়ার পর বনদস্যুদের চাঁদা মিটিয়ে যে মধু পাওয়া যাবে, তাতে লোকসান হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাঁচ দশক ধরে বনে যাতায়াত করলেও এত অত্যাচার আগে কখনো হয়নি বলে জানান তিনি।
উপজেলার মীরগাং গ্রামের আজগর আলী বলেন, মধু মৌসুমের আগে মাছ ও কাঁকড়া ধরতে বনে যেতে নৌকাপ্রতি ছয় হাজার টাকা করে বনদস্যু বাহিনীদের পরিশোধ করে টোকেন নিতে হয়েছে।
সোরা গ্রামের মিজানুর রহমান জানান, কিছুদিন আগে বনদস্যুরা তাঁকে নৌকা থেকে উঠিয়ে নিয়ে মুক্তিপণ দাবি করে। এ সময় সাঁড়াশি দিয়ে তাঁর হাত-পায়ের নখ তুলে নেওয়া হয়। একপর্যায়ে মুক্তিপণের টাকা দিলে বেধড়ক পিটুনি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর থেকে বনে যাওয়া বন্ধ করে দিয়ে এলাকায় দিনমজুরের কাজ করছেন তিনি।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা কেরামত আলী জানান, স্বল্প জনবল নিয়ে যতটা সম্ভব বনজীবীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। বনদস্যুদের তৎপরতা কমাতে মাঝেমধ্যে গোপনে কম্বিং অপারেশন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মালেক গাজী ও যতীন্দ্রনগর গ্রামের দোলন সরদার জানান, আইলার পর থেকে সুন্দরবন থেকে সব ধরনের কাঠ সংগ্রহ বন্ধ রয়েছে। পাশের নদ-নদীতে মাছ ও কাঁকড়া পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না।
বেসরকারি সংস্থা বারসিকের শ্যামনগর অঞ্চলের সমন্বয়ক শাহিন হোসেন জানান, বনদস্যুদের অত্যাচার বহু গুণে বেড়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ায় বনজ সম্পদ আহরণ বন্ধ করেছে সরকার। নদীগুলোয় আগের মতো মাছও পাওয়া যাচ্ছে না। এ কারণে কয়েক হাজার বনজীবী গত কয়েক বছরে পেশা পরিবর্তন করেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, সম্প্রতি ফজলু নামে বনদস্যু বাহিনীর এক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। বনদস্যুদের তৎপরতা ঠেকাতে সুন্দরবনের কৈখালী স্টেশনের কাচিকাটায় বিজিবি একটি ভাসমান ক্যাম্প স্থাপন করেছে। পুলিশ, বিজিবি ও বন বিভাগ একসঙ্গে কাজ করলে বনদস্যুদের তৎপরতা অনেকাংশে বন্ধ করা সম্ভব হবে।