বঙ্গোপসাগর ও সুন্দরবন এবং বলেশ্বর নদসংলগ্ন মোহনা থেকে অপহৃত ৪৫ জেলে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। অপহরণের ১১ দিন পর গতকাল রোববার সকালে ওই জেলেরা মুক্তি পান। তবে এখনো ৩০ জেলে বন্দী রয়েছেন। বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ কথা জানিয়েছেন।
এদিকে মুক্তিপণের জন্য জেলেদের অপহরণ এবং সাগরে ভারতীয় জেলেদের অনুপ্রবেশের প্রতিবাদে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে আজ সোমবার আধা বেলা ধর্মঘট ডেকেছে আটটি সংগঠন।
ফিরে আসা জেলে এবং স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অপহরণের ১১ দিন পর গতকাল সকালে মুক্তিপণ দিয়ে ৪৫ জন জেলে ফিরে এসেছেন। এর মধ্যে বেশির ভাগ জেলেকে ৩ সেপ্টেম্বর বঙ্গোপসাগর ও সুন্দরবন এবং বলেশ্বর নদসংলগ্ন মোহনা থেকে অপহরণ করা হয়। ৪৫ জেলের মধ্যে ১০ জনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। অন্য ৩৫ জেলের বাড়ি পটুয়াখালীর মহিপুর ও কুয়াকাটা এবং ভোলা, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায়। তবে জলদস্যুদের ভয়ে জেলেদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
কয়েকজন জেলে বলেন, দিনে আধা পেট খেতে দিয়ে ১১ দিন ধরে দস্যুদের আস্তানায় একটি ট্রলারে তাঁদের আটকে রাখা হয়। ওই ট্রলারের ভেতরে (খোন্দল) অন্ধকারে গাদাগাদি করে তাঁদের থাকতে হয়েছে। খাবার দেওয়ার সময় গণনাকালে বোঝা গেছে, দস্যুদের আস্তানায় ৭৫ জন জেলে রয়েছেন। গতকাল সকালে জনপ্রতি এক থেকে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ৪৫ জেলে ফিরে এসেছেন। তবে অন্য ৩০ জেলে এখনো বন্দী রয়েছেন।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, মুক্তিপণের দাবিতে অপহরণ এবং সাগরে ভারতীয় জেলেদের অনুপ্রবেশের প্রতিবাদে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে সোমবার (আজ) আধা বেলা (সকাল ছয়টা থেকে দুপুর ১২টা) মাছ বেচাবিক্রি বন্ধ থাকবে। ট্রলারমালিক, শ্রমিক, ঘাটশ্রমিক, আড়তদার, বরফকল, ওয়ার্কশপ মালিক-শ্রমিক ও বণিক সমিতিসহ আটটি সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এম আরিফ হোসেন বলেন, জেলেদের নিয়ে গতকাল সকাল থেকে কোস্টগার্ডের দুটি দল সুন্দরবনে দস্যুদের বিরুদ্ধে অভিযানে নেমেছে। তবে এ ঘটনায় জেলেরা পর্যাপ্ত তথ্য দিয়ে সহায়তা করছেন না।