দস্যুদের হামলায় বন কর্মকর্তা জখম
সুন্দরবনের কালিরচর এলাকায় গত শনিবার রাত সাড়ে আটটার দিকে বনদস্যুদের হামলায় গুরুতর জখম হয়েছেন কাকা দো-বেঁকী স্টেশন কর্মকর্তা আবদুর রশিদ। গতকাল রোববার সকালে তাঁকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ সদরে।বন বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পশ্চিম সুন্দরবনের কাকা দো-বেঁকীর টহল কর্মকর্তা আবদুর রশিদ দুজনকে নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে নিয়মিত টহলে বের হন। রাত সাড়ে আটটার দিকে তাঁরা কালিরচর এলাকায় পৌঁছালে বনদস্যুরা অতর্কিতে হামলা করে। এ সময় নৌকাচালক আসাদুল হক ও জামান দ্রুত বনের মধ্যে পালিয়ে যান। বনদস্যুরা ধারালো অস্ত্র দিয়ে রশিদের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। একপর্যায়ে মৃত ভেবে তাঁকে বনের মধ্যে ফেলে চলে যায়। নৌকাচালকেরা বিষয়টি নীলকমল টহল ফাঁড়ি থেকে সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্টেশনকে অবহিত করে। সংবাদ পেয়ে সাতক্ষীরা স্টেশন এলাকায় পরিদর্শনে থাকা খুলনা বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনাস্থলে যান।খুলনা রেঞ্জ কর্মকর্তা মো. জহিরুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুর রশিদকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনদস্যু না জেলেরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আবদুর রশিদের অবস্থার উন্নতি হলে তাঁর সঙ্গে কথা না বলে নিশ্চিত করা যাচ্ছে না। কোনো অস্ত্র খোয়া যাওয়ার বিষয় তিনি কিছু জানাতে পারেননি।