দস্যুর হুমকি, পুলিশের মামলা, অসহায় পারুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে কখনো অস্ত্র দেখেননি পারুল বেগম (২৮)। তবু অস্ত্র মামলায় আসামি হয়ে জেলহাজতে যেতে হয়েছে তাঁকে। সঙ্গে গেছে তাঁর দুই শিশুসন্তান ইয়াছিন (৩) ও সালমা (১৮ মাস)। থানাহাজত থেকে আদালত হয়ে জেলহাজত—সবখানেই মায়ের সঙ্গী এই দুই অবুঝ সন্তান।পারুলের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরমজিদ গ্রামে। গত শুক্রবার দুপুরে চরজব্বার থানার পুলিশ তাঁর রান্নাঘরের মাচা থেকে একটি এলজি উদ্ধার করে। পরে সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। শনিবার আদালতের মাধ্যমে দুই সন্তানসহ তাঁকে জেলহাজতে পাঠানো হয়। এ সময় দুই সন্তান নিয়ে পারুলের কান্না আদালত প্রাঙ্গণের পরিবেশকে ভারী করে তোলে।কোর্টহাজতে পারুল প্রথম আলোকে জানান, চার-পাঁচদিন আগে একই এলাকার দস্যু নিজাম উদ্দিন কাপড়ে মোড়ানো একটি অস্ত্র তাঁর রান্নাঘরে রেখে যান এবং এ ব্যাপারে কাউকে কিছু বললে তাঁর স্বামী-সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার হুমকি দেন। এরপর ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। তিনি আরও জানান, তাঁর স্বামী কামাল উদ্দিন চট্টগ্রামের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। গত দুই মাসের বেশির ভাগ সময় তিনি সেখানেই ছিলেন। বাড়িতে তিনি (পারুল) পাঁচ সন্তান নিয়ে থাকেন। পারুল বেগম বলেন, চরের বস্তি থেকে তাঁদের তুলে দিতে চান দস্যুবাহিনীর দুই সর্দার নিজাম ডাকাত ও মিয়া সিকদার। গত বছর তাঁদের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা নেন। কিছুদিন আগেও আবার তাঁরা চাঁদা চান। কিন্তু চাঁদা না দেওয়ায় সেদিন কিছু না বলে চলে যান। এরপর রেখে যান ওই অস্ত্র।হাবিবুর রহমান জানান, অস্ত্রটি উদ্ধারের সময় ওই বাড়িতে পারুল ও তাঁর দুই সন্তান ছাড়া আর কেউ ছিল না বিধায় তাঁকে আটক করে নিয়ে আসেন। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম চৌধুরী জানান, অস্ত্র যার ঘরে পাওয়া যায়, আইন অনুযায়ী সে-ই আসামি। পারুলের ক্ষেত্রেও তা-ই হয়েছে। তবে পারুলের তথ্যানুযায়ী নিজামকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।খেতমজুর ইউনিয়নের নোয়াখালী জেলা সভাপতি আনোয়ার হোসেন বলেন, চরে দস্যুদের কথার বাইরে যাওয়ার সুযোগ বাসিন্দাদের থাকে না। কারণ, একটু এদিক-সেদিক হলে তাঁদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়। দক্ষিণ চরমজিদ গ্রামের পারুলের ঘটনাও এর ব্যতিক্রম নয়।