দস্যু-আতঙ্কে সাগরে যেতে ভয় পাচ্ছেন জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে ডাকাতি, হত্যা, নির্যাতন ও চাঁদাবাজি কমছে না। গভীর সমুদ্রে জলদস্যুদের অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছেন উপকূলের হাজারো জেলে, মৎস্য ব্যবসায়ী ও তাঁদের পরিবার। এ অবস্থায় আসন্ন রাশ পূর্ণিমার সময় সাগরে ইলিশ ধরতে যেতে আতঙ্কে আছেন জেলেরা।
গতকাল খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি এবং বরগুনা জেলা ফিশিং বোট মালিক সমিতি সংবাদ সম্মেলন করে এসব কথা জানায়।
একই সঙ্গে বর্তমানে জলদস্যুদের হাতে জিম্মি জেলে-ট্রলার উদ্ধার, নিখোঁজ ও অপহৃত জেলে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, সুন্দরবনে নৌবাহিনীর ঘাঁটি করাসহ সাত দফা দাবি জানিয়েছে তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সাগরপাড়ের অসহায় গরিব লোকজন বিভিন্ন বেসরকারি সংস্থা ও ব্যাংক থেকে ঋণ নিয়ে সাগরে মাছ ধরতে যান। কিন্তু জলদস্যুদের নির্মম নির্যাতনে সব হারিয়ে আরও ঋণী হয়ে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। জলদস্যুদের অত্যাচারের ভয়ে ট্রলারের মাঝি-মাল্লারা সাগরে যেতে চাইছেন না। এ রকম পরিস্থিতিতে মৎস্যজীবীদের সব ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পথে।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সামনে রাশ পূর্ণিমা, জেলেদের আশা এ সময় বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়বে। তবে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, সুন্দরবনের কাদের মাস্টার বাহিনীসহ অন্য জলদস্যুরা ট্রলার ও জেলে অপহরণের ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমরা আতঙ্কিত হয়ে খুলনায় এসে নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাবের সঙ্গে কথা বলেছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোস্তফা বলেন, গত ১০ বছরে জলদস্যুদের হাতে শতাধিক জেলে নিহত হয়েছেন। প্রায় ১০ হাজার ট্রলারে ডাকাতি হয়েছে, ডাকাতি করে মাছ-ট্রলার-জাল এবং খুচরা যন্ত্রাংশ লুটসহ মুক্তিপণ হিসেবে জলদস্যুরা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গোপসাগরের ২০টি স্থানে বহু বছর ধরে জলদস্যুদের উৎপাত চলছে। গত আগস্টে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় জেলেবহরে সশস্ত্র হামলা চালিয়ে মাছ-জাল লুটসহ ২৬ জেলেকে সুন্দরবনের গভীরে নিয়ে যাওয়া হয়। পরে মুক্তিপণ দিয়ে ট্রলারমালিকেরা তাঁদের মুক্ত করে আনেন।
এ ছাড়া গত ২৬ অক্টোবর রাতে সুন্দরবন-সংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে মাছ ধরার সময় জেলেবহরে হামলা চালিয়ে মাছ-জাল ও টাকা লুটে নেয় জলদস্যুরা। এ সময় শতাধিক জেলেকে অপহরণ ও ১১টি ট্রলার লুট করে নিয়ে যায় তারা। প্রায় ৯০ জন জেলে ও নয়টি ট্রলার মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা গেলেও দুটি ট্রলার ও ১১ জন জেলেকে এখনো মুক্ত করা যায়নি।
মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে না পারা ওই জেলেদের অমানবিক নির্যাতন করছে দস্যুরা। নির্যাতন করে জেলেদের আর্তচিৎকার মুঠোফোনে তাঁদের স্বজনদের শোনানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা ট্রলার মালিক সমিতির সহসভাপতি মাছুম আকন, আলম মোল্লা, নুর ইসলাম, ফিশিং বোট মালিক সমিতির সভাপতি ইমরুল কায়েস প্রমুখ।