দহগ্রাম-আঙ্গরপোতা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা নেবে সরকার। ওই ছিটমহলের বাসিন্দাদের জন্য বিদ্যুত্ সরবরাহ করা হবে। গতকাল বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দহগ্রাম-আঙ্গরপোতায় বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি সকাল নয়টা ৫২ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিতে আসা ছিটমহলের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলেন।দহগ্রাম ইউনিয়নের মহিমপাড়ার মাহমুদা বেওয়ার (৬৫) সঙ্গে আলাপের মাধ্যমে ভিডিও কনফারেন্স শুরু হয়। মাহমুদা প্রধানমন্ত্রীকে বলেন, ‘মোর সোয়ামির মরণের পর মোর অসুখ-বিসুখের দাওয়াই কিনবার কোনো পথ নাই। বিনা মূল্যে চিকিত্সা দেওয়ার কথা শুনি মুই আইচছোং, এরপর মোর কায় চিকিত্সা দিবে?’ প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার চিকিত্সার ভার বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট নেবে, যত দিন বেঁচে আছেন, বিনা মূল্যে চিকিত্সা পাবেন।’আঙ্গরপোতা গ্রামের নাজমুন নাহার (৫৫) বলেন, ‘দহগ্রামোত সরকারি হাসপাতালে ডাক্তার থাকে না, কায় হামার চিকিত্সা করবে।’ প্রধানমন্ত্রী তাঁকে জানান, যেখানে যে চিকিত্সকে বদলি করা হবে, তিনি যেন সেখানে থাকেন তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে, কোনো অনিয়ম সহ্য করা হবে না।দহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেজানুর রহমান বলেন, বর্তমানে সকাল-সন্ধ্যা করিডরটি খোলা থাকলেও সারা রাত বন্ধ থাকে। তিনি করিডরটি ২৪ ঘণ্টা খোলা রাখার দাবি জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এর সমাধান হবে। পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ‘দহগ্রাম উচ্চবিদ্যালয় ১৯৮৮ সালে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও গেজেট প্রকাশিত না হওয়ায় অনুমোদন পায়নি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্কুলটিকে যত দ্রুত সম্ভব সরকারীকরণ করা হবে। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে দহগ্রাম-আঙ্গরপোতায় বিদ্যুতের সংযোগ স্থাপন করেছি।’ তিনি সুবিধামতো সময়ে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল সফরে আসার প্রতিশ্রুতি দেন।দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের বঙ্গেরবাড়ী গ্রামের দহগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ফকির, পুলিশ সুপার ইসরাইল হাওলাদার, সিভিল সার্জন মোকছেদ আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও স্বাধীনতা চিকিত্সক পরিষদের ১০০ জন চিকিত্সক যৌথভাবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেন। বিমানবাহিনীকে শক্তিশালী করার অঙ্গীকার: আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী গতকাল ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি কুর্মিটোলায় বিমানবাহিনীর বার্ষিক মহড়ায় যোগ দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার এ বাহিনীকে একটি সুদৃঢ়, শক্তিশালী ও কার্যকরী বাহিনী হিসেবে গড়ে তুলবে। তাঁরা শিগগিরই বিমানবাহিনীর জন্য জঙ্গি বিমান, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পদ্ধতি, হেলিকপ্টার, রাডার ইত্যাদি সংগ্রহ করতে যাচ্ছেন।প্রধানমন্ত্রী বিএএফ ঘাঁটিতে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রতিরক্ষাসচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, প্রেসসচিব আবুল কালাম আজাদসহ বিএএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।