দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল ইউনিয়নের ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য একটি নতুন অ্যাম্বুলেন্স গত শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।প্রধানমন্ত্রী আগামী ৮ অক্টোবর দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল ইউনিয়ন হাসপাতাল ও বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন এবং তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খুলে রাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এ উপলক্ষে শুক্রবার বিকেলে দহগ্রামের বঙ্গেরবাড়ি বাজারে অবস্থিত দহগ্রাম-আঙ্গরপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ কে এম আলমগীর হোসেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, লালমনিরহাট জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।