মুক্তিযুদ্ধ নিয়ে তেমন কোনো রোমাঞ্চ নেই পঞ্চাশোর্ধ্ব মোহাম্মদ আলাউদ্দীনের। ভারত সীমান্তবর্তী আঙ্গরপোতার মিস্ত্রিপাড়া গ্রামের সে দিনের ১০ বছরের কিশোর একাত্তরে স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে পারেননি।দহগ্রাম-আঙ্গরপোতায় ভিন্ন এক বাস্তবতায় বয়স পার করেছেন। ‘গেটলক’ নামের অভিশাপের বৃত্তে আটকে ছিল সেখানকার সবার জীবনযাত্রা। তাই তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা থাকাই তাঁর কাছে ‘স্বাধীনতা’। যে স্বাধীনতা তাঁরা পেলেন বাংলাদেশের অভ্যুদয়ের চার দশক পর।দহগ্রাম-আঙ্গরপোতাবাসীর ‘মুক্তি’র আনন্দ দেখতে এসেছিলেন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অনেক মানুষ। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দেশের মানুষের আনাগোনায় মুখরিত ছিল কোচবিহার জেলার অন্তর্ভুক্ত তিনবিঘা করিডর। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে তিনবিঘা ২৪ ঘণ্টা উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়। আঙ্গরপোতার জিরো পয়েন্টসংলগ্ন এলাকা ঘুরে মিস্ত্রিপাড়ার আলাউদ্দীনের কাছে এ প্রতিবেদকের প্রশ্ন ছিল, তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখায় হলো কী?আলাউদ্দীনের উত্তর: ‘এ তো আমাদের স্বাধীনতা, নতুন জীবন। এর আগে তো গেটলকের অভিশাপে বন্দী ছিল আমাদের জীবন। এখন আর কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। চাইলেই যখন-তখন পাটগ্রামে যাওয়া যাবে।’দহগ্রামের রশিদুল ইসলামও মনে করেন, আক্ষরিক অর্থেই নতুন জীবন পেলেন তাঁঁরা। তিনি বলেন, প্রথমে এক ঘণ্টা বিরতি দিয়ে ছয় ঘণ্টা খোলা থাকত তিনবিঘা করিডর। পরে সিদ্ধান্ত হলো, ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে। ফলে ঘড়ির কাঁটার সঙ্গে বাঁধা ছিল আমাদের জীবন। নির্দিষ্ট সময়ের মধ্যে না এলে বাড়ির বাইরে করিডরের ওপারে অর্থাৎ পাটগ্রামেই রাত কাটাতে হতো। এমনকি রোগীদের পাটগ্রাম নিতে হলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিশেষ ব্যবস্থায় অনুমতি দিত। কিন্তু তিনবিঘা ২৪ ঘণ্টা খুলে দেওয়ায় আমাদের সব দুশ্চিন্তার অবসান হলো।’জলপাইগুড়ি শহর থেকে গাড়ি চালিয়ে মা, স্ত্রী আর ছেলেকে নিয়ে কাল তিনবিঘা করিডরে আসেন আইনজীবী জয়দেব ভৌমিক। কেমন দেখলেন, জানতে চাইলে তিনি বলেন,‘সত্যি, পরিবেশটা দেখে খুব ভালো লাগল। বছর দশেক আগে এখানে আরেকবার এসেছিলাম। তখন সারা দিন লোকজন চলাচল করতে পারত না।’আড়াই ঘণ্টার যাত্রাপথ শেষে তিনবিঘা করিডর দেখার অনুভূতি জানতে চাইলে তাঁর স্ত্রী পিয়ালী ভৌমিক বলেন, ‘ভীষণ ভালো লাগছে এখানকার মানুষের আনন্দ দেখে। নিশ্চয়ই এরা অবাধে চলাচলের সুফলটা পুরোপুরি ভোগ করতে পারবে।’ ভারতের অভ্যন্তরে বাংলাদেশের যে ৫১টি ছিটমহল আছে, তার মধ্যে দহগ্রাম-আঙ্গরপোতাই বাংলাদেশ সীমান্তঘেঁষা। বাকি সবগুলো সীমান্তের এক থেকে পাঁচ কিলোমিটার দূরে। ১৯৯২ সালের ২৬ জুন ভারত তিনবিঘা করিডর খুলে দিলে দহগ্রাম-আঙ্গরপোতার বাসিন্দারা প্রথম বাংলাদেশে যাতায়াতের সুযোগ পায়। আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে দহগ্রাম সফরে যাচ্ছেন। তিনি সেখানে দহগ্রাম ইউনিয়ন পরিষদ ভবন, ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন। দহগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে করবেন মতবিনিময় সভা। এরপর তিনি তিনবিঘা করিডর দেখতে যাবেন। সেখানে উপস্থিত থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।প্রধানমন্ত্রী দুপুরে পাটগ্রাম সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় বক্তৃতা করবেন। এসব কর্মসূচিতে যোগ দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও।