দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল মুক্ত দিবস আজ
আজ ২৬ জুন। দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল মুক্ত দিবস৷ এ উপলক্ষে শোভাযাত্রা, খেলাধুলা, আলোচনা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১৯৯২ সালের এই দিনে ভারত তিনবিঘা করিডর খুলে দেয়। ফলে মূল ভূখণ্ড থেকে ছিটকে পড়া ছিটমহল আঙ্গরপোতা-দহগ্রাম যুক্ত হয় দেশের সঙ্গে। তাই এ দিনটি স্মরণীয় করতে সেখানকার বাসিন্দারা নিজেদের উদ্যোগে এ দিনটি ‘দহগ্রাম-আঙ্গরপোতা মুক্ত দিবস’ হিসেবে পালন করেন।
শুরুতে সকাল সাড়ে ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এক ঘণ্টা পর পর খুলে দেওয়া হতো করিডর গেট। তবে ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের এক দিন পর ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হয় করিডর। ফলে দীর্ঘ ৪৫ বছরের অবরুদ্ধ জীবনের অবসান হয় প্রায় ১৫ হাজার অধিবাসী নিয়ে ৩৫ বর্গকিলোমিটারের ছিটমহলটির।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, দহগ্রাম-আঙ্গরপোতার নানা সমস্যা রয়েছে৷ এখানে ১০ শয্যার একটি হাসপাতাল আছে৷ হাসপাতালটির শুধু ভবন আর যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। কিন্তু কখনো এখানে নিয়মিতভাবে কোনো চিকিৎসক বা সেবিকা থাকেন না।
এ ছিটমহলের দক্ষিণ দিক দিয়ে বাংলাদেশ-ভারত সীমানার মাঝ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। বাঁধসহ প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় গত কয়েক দশকে নদীভাঙনে ভিটেমাটি হারিয়েছেন অনেকে৷ এখনো এ নদী অব্যাহতভাবে ভেঙেই চলেছে।