দা-ছুরি বানাতে ব্যস্ত সময় পার করছেন কামারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহাকে সামনে রেখে কামারেরা ব্যস্ত সময় পার করছেন। পশু কোরবানির দা, বঁটি, চাপাতি, ছুরি তৈরি করে বিক্রির জন্য দোকানের সামনে সাজিয়ে রাখছেন। এসব লৌহজাত সামগ্রী ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছবিটি গতকাল পিরোজপুর শহরের রাজারহাটের কামারপট্টি থেকে তোলা l প্রথম আলো
ঈদুল আজহাকে সামনে রেখে কামারেরা ব্যস্ত সময় পার করছেন। পশু কোরবানির দা, বঁটি, চাপাতি, ছুরি তৈরি করে বিক্রির জন্য দোকানের সামনে সাজিয়ে রাখছেন। এসব লৌহজাত সামগ্রী ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছবিটি গতকাল পিরোজপুর শহরের রাজারহাটের কামারপট্টি থেকে তোলা l প্রথম আলো

সারা দেশের মতো দক্ষিণাঞ্চলের ঝালকাঠি, মাগুরা, বরগুনাসহ বিভিন্ন জেলার কামারেরাও আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দা-ছুরি বানাতে ব্যস্ত সময় পার করছেন। কামারপাড়া এখন টুংটাং শব্দে মুখরিত। প্রতিনিধিদের পাঠানো খবর:

ঝালকাঠির নলছিটি উপজেলার কামারদের দা, বঁটি, ছুরি বানাতে নামডাক রয়েছে। তাদের বানানো জিনিসের মান ভালো হওয়ায় সারা বছরের চেয়ে এই সময়ে ক্রেতাদের অর্ডার থাকে বেশি। দিন-রাত টুংটাং শব্দে মুখরিত এখন উপজেলা শহরের সবগুলো কামারের দোকান।

গতকাল শনিবার নলছিটির পুরোনো পোস্ট অফিস এলাকার মদন কর্মকার বলেন, ‘দা, বঁটি ও চাপাতি প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি হয়। চাকু প্রতিটি ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। অন্য জেলা থেকেও আমাদের এখানে অর্ডার দিতে আসে মানুষ।’

এদিকে ঝালকাঠি শহরে আগের মতো কামারের দোকান দেখা যায় না। শহরের কামারপট্টি ছিল কামারদের বসতি। এখন সেখানে একটি পরিবারও নেই। দু-চারটি দোকান যা আছে, সেখানে এ সময় ব্যস্ততা বেড়েছে। তবে শহরের অধিকাংশ মানুষ হার্ডওয়্যার বা ক্রোকারিজের দোকান থেকে বিভিন্ন কোম্পানির দা, বঁটি, ছুরি কিনছে।

বরগুনার আমতলী ও তালতলী উপজেলার গ্রাম, হাটবাজার ও পৌর শহরের কামারশিল্পীরা দা, কাঁচি, বঁটি, কুড়াল তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ক্রেতার সংখ্যা কম।

জানা গেছে, দুই উপজেলার দুই শতাধিক পরিবার কামারশিল্পের সঙ্গে জড়িত। ৭০ বছর ধরে এই শিল্পীরা তাঁদের ঐতিহ্য ধরে রেখেছেন। এখন আর ভালো মুনাফা না থাকায় দিনে দিনে এই শিল্পকর্ম ছেড়ে অন্য কাজে জড়িয়ে পড়ছেন তাঁরা।

গত বৃহস্পতিবার আমতলী পৌর শহরের কর্মকারপট্টি ঘুরে দেখা গেছে, কামারশিল্পীরা দা, কাঁচি, কুড়াল, ছ্যানা, চাপাতি, বঁটিসহ বিভিন্ন লোহার পণ্যসামগ্রী তৈরি করে পসরা সাজিয়ে বসে আছেন। ক্রেতার সংখ্যা কম থাকায় তাঁরা হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

মাগুরার কামারশালাগুলো এখন লোহা ও হাতুড়ির টুংটাং শব্দে মুখর। মাগুরা নতুন বাজারে ঢুকতেই চোখে পড়ে একটি কামারশালা। হাপড় দিয়ে কয়লা আগুনে উসকে দিয়ে খুব সুন্দরভাবে দা ও বঁটি বানানোর কাজ করছিলেন ৫০ বছর বয়সী গোবিন্দ বিশ্বাস। কাজ করতে করতে তিনি বলেন, ‘আকার ও আকৃতিভেদে একটা চাপাতি তৈরি করতে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকি। দা, বঁটি, ছুটি, চাকু তৈরিতে ২০০ টাকা থেকে ৫০০ টাকা নিই।’