দা নিয়ে ওসির মহড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় গতকাল দোকানে দা দিয়ে কুপিয়ে ফল কাটেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল আলম l প্রথম আলো
সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় গতকাল দোকানে দা দিয়ে কুপিয়ে ফল কাটেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল আলম l প্রথম আলো

সময় বিকেল চারটা। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা। হর্ন বাজিয়ে পুলিশ কর্মকর্তা পিকআপ ভ্যান থেকে নামলেন। হাতে দা। মহাসড়কের পাশের ফলের দোকানে গিয়ে দা দিয়ে কুপিয়ে তিনি ফল কাটা শুরু করলেন। আতঙ্কে দোকানিরা দৌড়ে পালাতে শুরু করলেন। পরে মহাসড়কে যানবাহনের চালকদের গালমন্দ করলেন। পেটালেন এক লেগুনাচালককে। এরপর গাড়ি নিয়ে চলে গেলেন তিনি।

এটি সিনেমা বা নাটকের দৃশ্য নয়। গতকাল মঙ্গলবার বিকেলে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম ওই ঘটনা ঘটিয়েছেন।

জানতে চাইলে শরীফুল আলম মুঠোফোনে বলেন, ‘মহাসড়কের পাশে উচ্ছেদ অভিযান করতে গিয়ে আমি দা ব্যবহার করেছি, এ কথা সত্য। এতে আইন লঙ্ঘন হয়নি। মহাসড়কের পাশে অবৈধ ফলের দোকান থাকতে দেওয়া হবে না।’

মোগরাপাড়া চৌরাস্তার ফল ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘ওসি হঠাৎ করে গাড়ি থেকে নামলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দা দিয়ে কুপিয়ে আপেল, তরমুজ, আনার, কমলা, কলা, আনারসসহ বিভিন্ন ফল কেটে টুকরা টুকরা করেন। ১০টি দোকান ভাঙচুর করে ব্যবসায়ীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যান। আমরা মহাসড়কের পাশে অনেক বছর ধরে ব্যবসা করে আসছি। উচ্ছেদ করতে হলে আগে থেকেই পুলিশ আমাদের জানাতে পারত। আমরা নিজেরাই চলে যেতাম। কিন্তু এভাবে দা দিয়ে ফল কেটে এবং মহাসড়কে দা নিয়ে মহড়া দেওয়া জীবনে প্রথম দেখলাম।’

ওসি শরীফুল আলমের এ কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সোনারগাঁয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঘাসফুলের প্রধান নির্বাহী গাজী মোবারক বলেন, ‘একটি ভিডিওতে দেখা গেছে ওসি বিভিন্ন ফলের দোকানে প্রবেশ করে দা দিয়ে ফল কেটে টুকরা টুকরা করছেন। এ ছাড়া মহাসড়কে দা নিয়ে মহড়া দিয়ে যানবাহনের চালকদের গালিগালাজ করছেন। এভাবে মহড়া ও ফল কেটে টুকরা টুকরা করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনা করতে আগেই নোটিশ দিতে হয়। একজন নির্বাহী হাকিম ও গণমাধ্যমকর্মীদের নিয়ে অভিযান করতে হয়। দা দিয়ে এভাবে ফল কেটে টুকরা করা আইন লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়।

জানতে চাইলে হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) শফিকুল ইসলাম বলেন, মহাসড়ক যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান করতে পারে পুলিশ। কিন্তু দা দিয়ে এভাবে ফল কাটতে পারে না। বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।