দাঁড়িয়ে থাকা ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনে দাঁড়িয়ে থাকা বুড়িমারী থেকে লালমনিরহাটগামী ট্রেনকে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী অপর একটি ট্রেন ধাক্কা দেয়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে উভয় ট্রেনের ৩০ যাত্রী সামান্য আহত হন।
আহত যাত্রীরা উপজেলা কমপ্লেক্স হাসপাতাল ও লালমনিরহাট সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
লালমনিরহাট রেল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী ৬৫ নম্বর কমিউটার ট্রেনটি কাকিনা রেলস্টেশনে একই লাইনে দাঁড়িয়ে থাকা বুড়িমারী থেকে লালমনিরহাটগামী ৪৫৬ ডাউন ট্রেনটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে উভয় ট্রেনের ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়েছে।
ঘটনার পরপরই কিছুসংখ্যক যাত্রী স্টেশনে ভাঙচুর করে। আধা ঘণ্টা পর উভয় ট্রেন কাকিনা রেলস্টেশন থেকে নিজ নিজ গন্তব্যে ছেড়ে যায়।
এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে কাকিনার স্টেশনমাস্টার আবু তাহের এবং কাকিনা রেলওয়ে পয়েন্টসম্যান নজির হোসেনকে রেলওয়ে কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে।
দুর্ঘটনার পর কাকিনা স্টেশনমাস্টার ও পয়েন্টসম্যান তাঁদের কর্ম এলাকায় নেই ও তাঁদের মুঠোফোনও বন্ধ রয়েছে। এ কারণে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
লালমনিরহাট রেল বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেনুয়্যাল পদ্ধতির সিগন্যালিং ঠিকমতো পরিচালনা না করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নাজমুল ইসলাম জানান, ঘটনা তদন্তে বিভাগীয় রেলওয়ে ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) মোস্তাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।