দাঁত তুলতে এসে মৃত্যু ভুল চিকিৎসার অভিযোগ তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) দাঁত তুলতে এসে হালিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁর স্বজনেরা ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হালিমার মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে। হাসপাতাল সূত্র জানায়, পুরান ঢাকার ফরিদাবাদের ৪৬/৫-ডি ঢালকানগরের বাসিন্দা হালিমা বেগম গতকাল বেলা ১১টার দিকে দাঁত তুলতে বিএসএমএমইউর এ-ব্লকে অবস্থিত দন্ত বিভাগে যান। অস্ত্রোপচার কক্ষে নেওয়ার পর শুধু মাঢ়ি অবশ করার জন্য তাঁকে লোকাল অ্যানেসথেসিয়া দেওয়া হয়। এরপর তাঁর একটি দাঁত তোলা হয়। এর মধ্যে তাঁর শরীর ঘামতে থাকে এবং শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকেরা তাঁকে জীবন রক্ষাকারী ওষুধ অরাডেক্সন ইনজেকশন দেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে হাসপাতালের ডি-ব্লকে অবস্থিত হূদরোগ বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর একটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হালিমার মৃত্যুর ঘটনায় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তাঁরা ভুল চিকিৎসার অভিযোগ এনে হইচই শুরু করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।মৃত হালিমার ছেলে আশরাফুল ইসলাম জানান, দুই মাস ধরে তাঁর মা দাঁতের ব্যথায় ভুগছেন। সম্প্রতি তাঁর মাকে ফরিদাবাদে একজন দন্ত চিকিৎসককে দেখালে তিনি মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানকার চিকিৎসক বিএসএমএমইউতে দেখানোর পরামর্শ দেন। এরপর হালিমাকে দুই দফায় বিএসএমএমইউর দন্তরোগ বিশেষজ্ঞকে দেখানো হয় এবং চিকিৎসকেরা গতকাল তাঁকে দাঁত তোলার জন্য আসতে বলেন। আশরাফুল অভিযোগ করেন, একটি দাঁত তুলে ফেলার পর মাঢ়ির বাড়তি মাংস অস্ত্রোপচার করতে তাঁকে আবার অ্যানেসথেসিয়া দেওয়া হয়। এরপর তাঁর মা কাঁপতে থাকেন। চিকিৎসকেরা দেখেন, তাঁর রক্তচাপ বেড়ে গেছে। এরপর তাঁকে হূদরোগ বিভাগে পাঠানো হয়। আশরাফুল ইসলাম জানান, তাঁকে ওষুধ কিনতে পাঠানো হয়। ওষুধ নিয়ে ফিরে দেখেন তাঁর মা নিথর হয়ে আছেন। তিনি কান্না শুরু করেন। কিছুক্ষণ পর চিকিৎসকেরা জানান, তাঁর মা মারা গেছেন। আশরাফুলসহ স্বজনদের অভিযোগ, হালিমা বেগম উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। দাঁত তোলার আগে তাঁর এসব বিষয়ে পরীক্ষা করানো হয়নি। বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, হালিমার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের বিষয়ে প্রতিবেদন আগে করানো ছিল। পরিচালক জানান, দাঁত তোলার পর হালিমার হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটে। তবে খুব কম ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকেরা জানান, গত আট বছরে তাঁদের বিভাগে এমন ঘটনা এই প্রথম। দাঁত তোলার জন্য শুধু মাঢ়ি অবশ করা হয়। এতে বড় ধরনের সমস্যা হয় না। গতকাল বিকেলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া হালিমার লাশ তাঁর স্বজনেরা নিয়ে যান। হালিমা বেগমের স্বামী আফজাল হোসেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এই দম্পতির দুই ছেলে দুই মেয়ে রয়েছে।