দাঁত নেই, ব্যবহার হচ্ছে জিব
মানবাধিকার সংরক্ষণ এবং উন্নয়ন—এই দুই উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত জাতীয় মানবাধিকার কমিশন লক্ষ্য অনুযায়ী চলতে পারেনি বলে মনে করছেন মানবাধিকার-কর্মীরা। তাঁদের মতে, এর বড় কারণ হলো, কমিশন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ মানবাধিকারের চরম লঙ্ঘনের ঘটনায় কার্যকর ভূমিকা নিতে পারেনি।
সমালোচনাকারীদের কেউ কেউ কমিশনকে দাঁতহীন বাঘ বলে আখ্যায়িত করেছেন। কমিশনের চেয়ারম্যান এই অভিযোগ কার্যত স্বীকার করে বলেছেন, ‘দাঁত না থাকতে পারে, তবে জিহ্বা আছে। আর কমিশনের চেয়ারম্যান হিসেবে সেটি থাকাই বাঞ্ছনীয়।’
কমিশনে সরকার নিয়োজিত কর্মকর্তাদের অদক্ষতা, আইনি বাধা, আর্থিক ও লোকবলের সংকটকে কমিশনের সীমাবদ্ধতার কারণ হিসেবে উল্লেখ করেছেন চেয়ারম্যান মিজানুর রহমান। তবে মানবাধিকার-কর্মীরা এর সঙ্গে সরকারের সহযোগিতার অভাবকেও যুক্ত করার পক্ষে। কমিশনের বয়স এখন সাড়ে চার বছর।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী, ২০১১ সাল থেকে এ বছরের নভেম্বর মাস পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে ৫৪৪ জন। ২৭৫ জন নিরুদ্দেশ হয়েছে। এই সময়ে কমিশন মাত্র একটি ঘটনার তদন্ত করেছে। এ বছরের ১৬ ফেব্রুয়ারি যশোরে রজব আলী নামের এক ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। একজন পরিচালকের নেতৃত্বে ঘটনাটি তদন্ত করে কমিশন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশনের চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে বলেন, ‘রজব আলীর এই সুনির্দিষ্ট ঘটনাতে আমাদের উপসংহার হচ্ছে, নিহত হওয়ার ঘটনাটি বন্দুকযুদ্ধ নয়। পুলিশের গুলিবর্ষণও আত্মরক্ষার প্রয়োজনে হয়নি।’
আবার অপহরণ ও গুপ্তহত্যা বেড়ে যাওয়ায় গত ৫ মে এক গোলটেবিল বৈঠকে কমিশনের চেয়ারম্যান মন্তব্য করেছিলেন, সরকার যদি অপহরণ, হত্যা ও বলপূর্বক অন্তর্ধান ঠেকাতে না পারে, তাহলে কমিশন উচ্চ আদালতের শরণাপন্ন হবে। তবে কমিশন আর আদালতে যায়নি। অবশ্য বলপূর্বক অন্তর্ধান বন্ধ করতে কমিশন একটি ইতিবাচক সুপারিশ করেছে সরকারের কাছে। সেটি হলো, সাদাপোশাকে আইন প্রয়োগকারী সংস্থার অভিযান বন্ধ করা এবং অভিযান পরিচালনার সময় কমপক্ষে দুজন সাক্ষী রাখা।
আবার কমিশন নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা তদন্তে ২৪ ঘণ্টার মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে কমিটি গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে। তবে এসব অনুরোধের একটিও রাখেনি মন্ত্রণালয়।
‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা নিরুদ্দেশের মতো ঘটনার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি,’—এই মন্তব্য করেন আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
বিচারবহির্ভূত হত্যার মতো ঘটনায় তদন্তের ক্ষেত্রে কমিশনের অনীহা স্পষ্ট হয়ে ওঠে এর চেয়ারম্যানের কথাতেও। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে তাঁদের সীমাবদ্ধতা আছে। এ ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯-এর ১৮ ধারার কথা উল্লেখ করেন তিনি।
আইনের ১৮ ধারায় বলা আছে, শৃঙ্খলা বাহিনীর বা এদের সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে সরকারের কাছে নিজ উদ্যোগে প্রতিবেদন চাইতে পারে কমিশন। এ ধারায় তদন্ত করতে পারবে কি পারবে না, সে সম্পর্কে কিছু বলা নেই।
আইনের এই ধারার কথা উল্লেখ করে জানতে চাওয়া হয়েছিল, যশোরের যে ঘটনাটি কমিশন তদন্ত করেছে, তাতে কোনো সমস্যা হয়েছে কি না। জবাবে মিজানুর রহমান বলেন, ‘না, কোনো সমস্যা হয়নি। তবে যশোরের পুলিশ সুপার তদন্তে বাধা দিয়েছিলেন।’
মিজানুর রহমান দাবি করেন, যেকোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে তিনি সরব হয়েছেন। তবে এসবের তদন্ত করার জন্য তাঁর পর্যাপ্ত জনবল নেই। তিনি আরও বলেন, ‘সরকার নিয়োজিত যেসব লোক আছে, তাঁরা আমার গতির সঙ্গে চলতে পারেন না। এসব কাজ করতে তাঁরা অক্ষম।’ তিনি জানান, আগামী জানুয়ারিতে অন্তত ১০ জন অতিরিক্ত লোক পাওয়া যাবে।
কমিশনের কাজ করার ক্ষেত্রে সরকারি অসহযোগিতার উদাহরণ দেন কমিশনের সাম্মানিক সদস্য নিরূপা দেওয়ান। তিনি বলেন, ‘আইন অনুযায়ী বিভিন্ন সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে মানবাধিকারসংক্রান্ত কাজের জন্য প্রতিবেদন চেয়ে পাওয়া যায় না। প্রতিবেদন চেয়ে ৭০ ভাগ ক্ষেত্রেই আমরা ব্যর্থ হই। বেশির ভাগ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই এসব অনুরোধ অগ্রাহ্য করেছে।’
জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘ওনারা কিছু চাইলে আমরা সাড়া দেইনি, তা ঠিক না। কোনো অভিযোগ এলে তা যাচাই-বাছাই করতে হয়। চাইলে সঙ্গে সঙ্গে তো আমরা কিছু দিতে পারি না। এ জন্যই হয়তো দেরি হয়।’
কমিশনে আসা বেশির ভাগ অভিযোগ ঠুনকো: ২০১২ সালে কমিশনের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, সে বছর কমিশন ৬৩৩টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পায়। এর মধ্যে ৩৯২ অভিযোগের নিষ্পত্তি করে কমিশন। নিষ্পত্তি হওয়া অভিযোগের মধ্যে ২৬৬টিই ‘অন্যান্য’ নামাঙ্কিত। কমিশন সূত্রে জানা যায়, এই অন্যান্যের মধ্যে আছে ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বের বিষয়।
মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান বলেন, এসব অভিযোগের মাত্রা প্রমাণ করে, কমিশন মানবাধিকার বিষয়টি কী, তা জনগণের কাছে তুলে ধরতে পারেনি। ব্যক্তিপর্যায়ের কলহের বিষয় নিষ্পত্তি করা কমিশনের কাজ হতে পারে না।
তবে মিজানুর রহমান মনে করেন, সাধারণ ব্যক্তির কথা শোনা এবং সে বিষয় সমাধানের চেষ্টা কমিশনের কাজেরই অংশ।
বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা: প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় মানবাধিকার কমিশনকে সহায়তা দেয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ২০১৩-১৪ অর্থবছরে সরকারের কাছ থেক কমিশন চার লাখ ২৯ হাজার ৩৭৫ ডলার পায়। আর দাতা সংস্থা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কাছ থেকে পায় ১৪ লাখ ৯০ হাজার ৯৯৫ ডলার।
কমিশনের কার্যক্রম নিয়ে ২০১৩ সালে আসকের এক প্রতিবেদনে বলা হয়, ইউএনডিপির প্রতি এই নির্ভরতা কমিশনের এমন এক ভাবমূর্তি তুলে ধরেছে যে এটি কেবল দামি হোটেলে কিছু নির্দিষ্ট মানুষ নিয়ে সেমিনার আর সিম্পোজিয়ামের মধ্যেই তাদের কাজ সীমাবদ্ধ রাখে। আসকের তৈরি ‘বাংলাদেশ: চাই প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি’ শিরোনামে আরেক প্রতিবেদনে বলা হয়, ‘মানবাধিকার ইস্যুতে কমিশনকে মূলত উন্নয়নমূলক কর্মকাণ্ডেই লিপ্ত থাকতে দেখা গেছে। যেমন প্রশিক্ষণ, সেমিনার ইত্যাদির আয়োজন।’
সাত সদস্যের জাতীয় মানবাধিকার কমিশনে একজন মাত্র সার্বক্ষণিক সদস্য। বাকি পাঁচজনই সাম্মানিক সদস্য। মানবাধিকারকর্মী সুলতানা কামাল মনে করেন, এভাবে কেবল সাম্মানিক সদস্য রেখে এত বড় একটি প্রতিষ্ঠানের কাজ চালানো দুরূহ।