দাঁতের জন্য গুলি করে হাতি হত্যা
মূল্যবান দাঁতের জন্য কক্সবাজারের রামু উপজেলার পানের ছড়া সংরক্ষিত বনাঞ্চলে সংঘবদ্ধ চক্র শতবর্ষী বন্য হাতিটিকে গুলি করে হত্যা করে। এরপর হাতিটিকে টুকরা টুকরা করে কেটে মাটিতে পুঁতে ফেলা হয়। ২৬ নভেম্বর দুপুরে নির্জন বনে বন্য হাতিটিকে গুলি করে হত্যা করা হয়। হাতির শরীরে চার-পাঁচটি গুলির চিহ্ন ছিল।প্রথম আলোর বিশাল বাংলায় গতকাল বৃহস্পতিবার ‘সংরক্ষিত পাহাড়ে হাতি হত্যা?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসন তৎপর হয়। এরপর জেলা প্রশাসক মো. রুহুল আমিনের নির্দেশে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কালামের নেতৃত্বে একটি তদন্ত দল গতকাল দুপুরে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে হাতি হত্যার প্রমাণ পায়।এর সত্যতা নিশ্চিত করে ইউএনও আবুল কালাম প্রথম আলোকে বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। এদিকে পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ, হিমছড়ি জাতীয় উদ্যান-সহব্যবস্থাপনা কমিটি, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বন্য হাতিকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, ২৬ নভেম্বর দুপুরে গুলি করে হাতিটিকে হত্যা করা হলেও বন বিভাগ এত দিন নীরব ভূমিকা পালন করে। খবর দেওয়ার পরও বন কর্মকর্তারা ঘটনার গুরুত্ব দেননি। প্রকৃতপক্ষে মূল্যবান দুটি দাঁতের জন্য শতবর্ষী হাতিটিকে হত্যা করা হয়েছে। এর পেছনে স্থানীয় একজন জনপ্রতিনিধির হাত থাকতে পারে।কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, দ্রুত হাতি হত্যার সুষ্ঠু তদন্ত এবং দাঁত পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। নইলে বনের কোনো হাতি রক্ষা পাবে না।কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের স্থানীয় পানের ছড়া বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তাপস সন্যাল হাতি হত্যার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মাটি খুঁড়ে মৃত হাতির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত (গতকাল সন্ধ্যা) হাতি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।