দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত ও ২০ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার বেদগ্রাম মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও উদ্ধারে অংশ নেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে দোলা পরিবহনের একটি বাস বিকেলে বাগেরহাটের ফকিরহাটের উদ্দেশে ছেড়ে আসে। যাত্রীবাহী বাসটি রাত সাড়ে আটটার দিকে গোপালগঞ্জের বেদগ্রাম মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে পৌঁছায়। ওই স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল গাছবোঝাই একটি ট্রাক। বাসটি ওই স্থানে গিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের ৪ যাত্রী। পরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। ওই হাসপাতালে শিশুসহ আরও ৩ যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার শাহিন মিয়া (৩২) ও তাঁর শিশু ছেলে মাহি (৬) এবং গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ইউনুচ খান (৫৫)। নিহত অপর চার যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ২০ জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।