দাঁড়িয়ে থেকে সেচ যন্ত্র পোড়ালেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে ফেরার পথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদা গুলশান নদীতে শ্যালো ইঞ্জিনের সাহায্যে বালু উত্তোলন করতে দেখেন। এরপর সঙ্গীয় পুলিশকে নির্দেশ দিয়ে দাঁড়িয়ে থেকে ওই শ্যালো ইঞ্জিনটি আগুনে পুড়িয়ে দেন।

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ডাঙ্গাপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউএনও গতকাল বদরগঞ্জের লালদিঘীহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এরপর তিনি বদরগঞ্জে ফেরার পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে পাঠানেরহাট সেতুর কাছে চিকলী নদী থেকে শ্যালো ইঞ্জিনের সাহায্যে বালু উত্তোলন করতে দেখেন। এ সময় ওই শ্যালো ইঞ্জিনটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

এলাকার কয়েকজন বাসিন্দা সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নদীর পাশে ডাঙ্গাপাড়া গ্রামেব্যক্তিগত জমিতে ক্ষুদ্র কুঠির শিল্প কারখানা গড়ে তুলছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সাংসদ আনিছুল ইসলাম মন্ডল। ওই শ্যালো ইঞ্জিনে পাইপ লাগিয়ে নদীর বালু তুলে কারখানার কাজে ব্যবহার করছিলেন শ্রমিকেরা।

সাবেকসাংসদ মুঠোফোনে বলেন, ‘আমি ঢাকায় আছি। সরকার ব্যক্তিগত উদ্যোগে কুঠির শিল্প কারখানা গড়ে তুলতে উদ্যোক্তাদের উৎসাহিত করছে। এ কারণে তৃণমূল পর্যায়ে ওই কারখানা গড়ে তোলার আমি চেষ্টা করছি। এতে এলাকার মানুষের কর্মসংস্থানসহ উন্নয়ন হবে। নদী থেকে শ্রমিকেরা গতকাল বালু তুলে কারখানার কাজে লাগিয়ে ছিলেন। বিষয়টি আমি জানতামও না। আইন ভঙ্গ হলে আদালত মামলা করতে পারেন। কিন্তু ইউএনও কোন আইনে শ্যালো ইঞ্জিনটি নিজে দাঁড়িয়ে থেকে পোড়ালেন, তা বুঝলাম না।’

ইউএনও বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করার কারণে শ্যালো ইঞ্জিন ও পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।