দাইক বাগানের বরাদ্দে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে জলবায়ু সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের খাসজমি বরাদ্দে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের আওতায় দাইক (উপকারভোগীদের প্রথমবার বুঝিয়ে দেওয়া খাসজমি) জমিতে সৃজিত বাগান অসচ্ছল ব্যক্তিদের মধ্যে বরাদ্দ দেওয়ার কথা থাকলেও প্রায় অর্ধেকই নিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা, তাঁদের আত্মীয়স্বজন, জনপ্রতিনিধি ও এলাকার সচ্ছল ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে বাংলাদেশের উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর জলবায়ুর প্রভাব মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ (সিবিএসিসিএফ) প্রকল্প নেওয়া হয়। ২০০৯ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের জুন মাস পর্যন্ত মেয়াদ থাকলেও চলতি বছরের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। বরগুনা, ভোলা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার চারটি ইউনিয়নে পরীক্ষামূলক এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পে ২৭ হেক্টর খাসজমিতে ২১৬টি দাইক বাগান করার জন্য ৩০ লাখ টাকা এবং ২০০ হেক্টরে কেওড়া বাগান, ২৬০ হেক্টরে গোলপাতা বাগান, ১৮০ কিলোমিটার  সড়কের পাশে সামাজিক বাগান করার জন্য প্রায় এক কোটি লাখ ৪৭ লাখ টাকা এবং কৃষি বিষয়ে প্রশিক্ষণের জন্য কৃষি বিভাগের মাধ্যমে ২৪ লাখ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়। ইউএনডিপি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করছে।

সরেজমিনে দেখা গেছে, নলটোনা ইউনিয়নের সোনাতলা ও কুমিরমারা চর এলাকায় ২১৬টি দাইক বাগানের মধ্যে ১০ হেক্টর জমির ওপর ৮০টি দাইক বাগান ২০১২ সালে বরাদ্দ দেওয়া হয়। ১৭ হেক্টর জমিতে আরও ১৩৬টি দাইক বাগান প্রস্তুত করার কাজ শেষ পর্যায়ে। ২৩ শতক জমির ওপর করা একেকটি দাইক বাগানে ৩০ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের পুকুর কেটে তাতে মাছ এবং চারপাশে বেড়া দিয়ে জমির ওপর সবজি ও ফলদ বৃক্ষের চাষ করার জন্য প্রস্তুত করে দেওয়া হয়েছে। এ জন্য সুবিধাভোগীদের বিনা মূল্যে মাছের পোনা, সবজি ও ফলের চারা দেওয়া হয়।

প্রকল্পের উপকারভোগী নূপুর বেগমের স্বামী আবু হানিফা বলেন, নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, তাঁর ভাই সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর বিশ্বাস, তাঁর ভাই দুলাল বিশ্বাস, চাচাতো ভাই জাকির বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য (৯ নম্বর ওয়ার্ড) লুৎফর রহমান, আওয়ামী লীগের কর্মী পনু মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ডার মুনসুর আলী, ওষুধ ব্যবসায়ী ও পল্লি চিকিৎসক সাইফুল ইসলামসহ অনেক সচ্ছল ব্যক্তি এসব দাইক বাগানের বরাদ্দ পেয়েছেন।

শাহ আলম বলেন, ‘আমার নামে কোনো বাগান নেই। প্রথমে দেওয়া হয়েছিল, তবে আমি তা নিইনি। আমার ভাই গরিব, তাই তার নামে দেওয়া হয়েছে।’ আলমগীর বিশ্বাস বলেন, ‘আমাকে বাগান দেওয়া হয়েছিল, কিন্তু আমিও নিইনি। আমার এক চাচাতো ভাই অসচ্ছল, তাই তার নামে দেওয়া হয়েছে।’

নলটোনা ইউপি চেয়ারম্যান সফিকুজ্জামান জানান, দাইক বাগান বরাদ্দ দেওয়ার জন্য তাঁকে প্রধান করে সাত সদস্যের বাছাই কমিটি করে দেন তৎকালীন ইউএনও। কমিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি সচিব, বন বিভাগের বিট কর্মকর্তা ও সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্যকে রাখা হয়। যাচাই করে প্রকৃত ভূমিহীন ও অসচ্ছল ৮০টি পরিবারের তালিকা করা হয়। কিন্তু ক্ষমতাসীন দলের নেতাদের হস্তক্ষেপে ওই তালিকায় প্রভাবশালীদের নাম অন্তর্ভুক্ত করা হয়।

বর্তমানে দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ বলেন, ‘দাইক বাগানের বরাদ্দপ্রাপ্তদের মধ্যে প্রায় ৪০ ভাগ প্রভাবশালী ও সচ্ছল ব্যক্তি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসব বাগান যাঁরা পরিত্যক্ত ফেলে রেখেছেন, তাঁদের বরাদ্দ বাতিল করে নতুন করে বরাদ্দ দেওয়া হবে।’

বরগুনা সদরের ইউএনও গোলাম মোহামঞ্চদ ভূঁইয়া বলেন, ‘এখানে নতুন এসেছি। বিষয়টি সম্পর্কে আমি খোঁজখবর নেব এবং অনিয়ম পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’