দাউদকান্দি ও চান্দিনায় চারটি সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত
কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত দুই দিনে চারটি দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ও স্বামী-স্ত্রীসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে দাউদকান্দির জিংলাতলীতে ফেনীগামী একটি প্রাইভেট কারের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের সাইদুল হক (৪২), তাঁর স্ত্রী খালেদা আক্তার (৩৪) ও ছেলে প্রতীক (৭) ও চালক আব্বাস উদ্দিন (৩৫)। চালকের বাড়ি মাদারীপুরের শিবপুর উপজেলার চরশেখরপুর গ্রামে। সাইদুলের পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর বড় ভাই মজিবুর রহমান এবার ফাজিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। নির্বাচনে গতকাল ভোট দিতে সাইদুল স্ত্রী ও ছেলে নিয়ে ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি পুলিশ আটক করেছে। চালক পলাতক। একই দিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুটিয়ায় গাড়িচাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০) নিহত হন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে দাউদকান্দির শহীদনগরে ঢাকাগামী একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আরোহী উপজেলার সুন্দলপুর গ্রামের সফিউল্লাহ (৪৫) ঘটনাস্থলে নিহত হন। আহত যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুখীপুর গ্রামের আলেক মিয়া (৪০) ও তাঁর স্ত্রী রাজিয়া আক্তারের (৩৫) মৃত্যু হয়। নিহত সফিউল্লাহর স্ত্রী নাছিমা (৩৮), আলেক মিয়ার মেয়ে মায়া (২০) ও ছেলে রিপনকে (১২) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ বাসটি আটক করেছে। চালক পলাতক।দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট রফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে তাঁদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। গতকাল ভোরে চান্দিনার হাঁড়িখোলায় কুমিল্লাগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে মনছুর (৪৫) নামের এক ট্রাকযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, মনছুরের লাশ তাঁর স্বজনদের কাছে দেওয়া হয়েছে।