দাউদকান্দি ও নিকলীতে চার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি ও কিশোরগঞ্জের নিকলীতে গত দুই দিনে পৃথক ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর পরিবার ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার রায়পুর গ্রামের জামাল হোসেনের মেয়ে জান্নাত আক্তার (৫) এবং তার ফুফাতো বোন হ্যাপী আক্তার বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। বেলা দুইটার দিকে তাদের ওই পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হ্যাপীর বাড়ি মতলব উপজেলার সুজাতপুর গ্রামে। এদিকে বেলা তিনটার দিকে উপজেলার তিনচিটা গ্রামের সুমন আহমেদের মেয়ে আরিফাকে (২) বসিয়ে রেখে কাজ করছিলেন মা। এ সময় শিশুটি বসতঘরের পাশের পুকুরে পড়ে যায়। পরে পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন শিশুটিকে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে গত রোববার কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বরই কুড়াতে গিয়ে কেটে রাখা গাছের খণ্ড গড়িয়ে পড়ে জিহাদ (৮) নামের এক শিশু মারা গেছে। জিহাদ সদর ইউনিয়নের কৈইবতহাটি গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। সে পাশের মগলহাটি গ্রামে বরই কুড়াতে গেলে এ ঘটনা ঘটে। মজিদ মিয়া (৬০) কয়েক দিন আগে অন্য একটি গাছ কেটে বড় কয়েকটি খণ্ড ওই বরইগাছের নিচে ফেলে রাখেন বলে জানা গেছে। কয়েকজন শিশু ওই স্থানে বরই কুড়াতে গেলে গাছের একটি খণ্ড গড়িয়ে নিচে পড়ে। এতে জিহাদ গুরুতর আহত হয়। চিৎকার শুনে এলাকার লোকজন শিশুটিকে উদ্ধার করে নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জিহাদের চাচা উছমান বাদী হয়ে নিকলী থানায় মজিদ মিয়াসহ তিনজনকে আসামি করে একটি মামলা করেন।